জামায়াত ও তাদের দোসরদের ভোট না দেওয়ার আহ্বানে মানববন্ধন
দণ্ডিত যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামীর নেতা এবং তাদের সঙ্গীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণ প্রজন্ম’ ব্যানারে একটি সংগঠন।
কামাল হোসেনের নেতৃত্বে গঠিত ঐক্যফ্রন্টের বড় দল বিএনপি নিবন্ধনহীন জামায়াতের ২২ জনকে একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট করতে দিয়েছে।
বুধবার ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধন সঞ্চালনা করেন একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে ছাত্রলীগের আসনভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটির কুমিল্লা-৫ (দেবীদ্বার) আসনের সমন্বয়ক মাজহারুল কবির শয়ন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃ-বিজ্ঞান বিভাগের সাবেক এই ছাত্র বলেন, “একাত্তরে জামায়াত যুদ্ধাপরাধ সংঘটিত করেছিল৷ নিবন্ধন বাতিল হওয়ায় এবার তারা একক কোনো দল থেকে নির্বাচন করার অধিকার হারিয়েছে৷ কিন্তু সেই দলের অন্তত ২২ জন নির্বাচনে অংশ নিচ্ছে ধানের শীষ প্রতীকে৷ এই পরিস্থিতি স্বাধীনতার পক্ষের তরুণ প্রজন্মকে আশাহত করছে।”
মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের এই সাবেক সাংগঠনিক সম্পাদক বলেন, “জনগণ যেন ভোটযুদ্ধে যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের বর্জন করে।”
জাতীয় ঐক্যফ্রন্ট নেতা কামাল হোসেনের কাছে প্রশ্ন রেখে এই তরুণ বলেন, “যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে সাথে নিয়ে তারা নির্বাচন করছেন এবং জামায়াতের অনেক নেতা তাদের সাথে নির্বাচন করছে৷ তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, যারা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করছে, ক্ষমতায় গেলে সেই দলের বিচার তারা কীভাবে করবেন?”
মুক্তিযুদ্ধবিরোধী শক্তিতে ভোটে বর্জন করার আহ্বানে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গণস্বাক্ষর অভিযান চালাবেন বলেও মানববন্ধনে ঘোষণা দেন মাজহারুল।
