২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন তিনজন

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেয়েছেন অধ্যাপক যতীন সরকার, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও পিয়াস মজিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2018, 10:58 PM

Updated : 19 Aug 2022, 02:58 PM

শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণিল অনুষ্ঠানে ২০১৭ সালে প্রকাশিত বইয়ের জন্য তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

‘মুক্তবুদ্ধির চড়াই-উতরাই’ বইয়ের জন্য যতীন সরকার পুরস্কার পেয়েছেন ‘প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ’ শ্রেণিতে।

কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে সৈয়দ মনজুরুল ইসলাম পুরস্কার পেয়েছেন তার ‘একাত্তর ও অন্যান্য গল্প’ বইয়ের জন্য।

‘মনীষার মুখরেখা’ বইয়ের জন্য ‘হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার’ উঠেছে পিয়াস মজিদের হাতে।

এবারের পুরস্কারে প্রথম দুটি শাখার প্রত্যেক বিজয়ী পুরস্কার হিসেবে পেয়েছেন দুই লাখ টাকাসহ ক্রেস্ট ও সম্মাননা। আর তরুণ লেখককে দেওয়া হয় এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা।

পুরস্কারের জন্য তিন শাখায় মোট জমা হওয়া ৪৬৭টি বই থেকে সেরা তিনটি নির্বাচন করেন ভাষা সংগ্রামী আহমদ রফিক, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, কবি হেলাল হাফিজ এবং কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হককে নিয়ে গঠিত বিচারকমণ্ডলী।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “কালের হিসেবে এ পুরস্কার খুব বেশি দিন না হলেও এটি একটি মর্যাদাপূর্ণ পুরস্কারে পরিণত হয়েছে। যারা এ পুরস্কার পাচ্ছেন, তারাও সম্মানিত হচ্ছেন।”

পুরস্কারপ্রাপ্তদের সম্পর্কে তিনি বলেন, “যতীন সরকার মার্কসবাদী লেখার মধ্য দিয়ে বিশেষভাবে সমাদৃত হয়েছেন। সৈয়দ মনজুরুল ইসলাম যত্নশীল বুদ্ধিদীপ্ত নানা কাজ করেন, যা অন্য লেখকদের ক্ষেত্রে অনুকরণীয়। পিয়াস মজিদ তার পূর্বগামী লেখকদের ক্ষেত্রে গবেষকের মধ্যে দৃষ্টিপাত করেছেন।”

বিচারকমণ্ডলীর প্রধান হাসান আজিজুল হক বলেন, “আজকে যারা পুরস্কৃত হয়েছেন, তারা সবাই আমার ঘনিষ্ঠজন। তাদের সবাইকে ধন্যবাদ। এর ফলে কোনো পক্ষপাতিত্ব হয়েছে কি না, আমার জানা নেই। নির্মোহভাবে বিচার করার চেষ্টা করেছি। ঘনিষ্ঠ কোনো সম্পর্কের কথা মাথায় রাখিনি।”

কবি হেলাল হাফিজ পাঠ করেন নিজের লেখা কবিতা।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় যতীন সরকার বলেন, “আমার অনুভূতি জানানোর ভাষা নেই। শুধু বলতে চাই, আমি অভিভূত। আমি দীর্ঘদিন যাবত অসুস্থ। বসে থাকতে পারি না, কলম চালাতে পারি না। আপনাদের আর্শিবাদ নিয়ে কবিগুরুর মতো বলতে চাই- ‘দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল’।”

সৈয়দ মনজুরুল ইসলাম কিছুটা রসিকতার ছলে বলেন, “বন্ধু হেলাল হাফিজ পক্ষপাত করে আমাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করেছেন! কারণ, এ পুরস্কার পেতে পারি, এটা কখনও ভাবিনি। আমার চেয়ে অনেকে ভালো লেখেন। সে হিসেবে এ পুরস্কার পাওয়ায় আমি কৃতজ্ঞ।”

পিয়াস মজিদ বলেন, “হৃদয়ের ভেতরের গুঞ্জরিত অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করি। তা যে কোনো শিল্পমাধ্যমেই হতে পারে। আমি সব মাধ্যমকে একসঙ্গে উদযাপন করছি।”

অনুষ্ঠানের শুরুতে স্মৃতি প্রামাণ্যচিত্রের মধ্য দিয়ে প্রয়াত সমকাল সম্পাদক ও ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কারের স্বপ্নদ্রষ্টা গোলাম সারওয়ারকে স্মরণ করা হয়।

সাংস্কৃতিক পরিবেশনার পর্বে নৃত্যের ছন্দে অতিথিদের স্বাগত জানায় পূজা সেনগুপ্ত ও তার নাচের দল তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার।

কয়েকটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান।

সমকালের ফিচার সম্পাদক মাহবুব আজীজের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সমকালের প্রকাশক এ কে আজাদ ও ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন উপস্থিত ছিলেন।