ঢাকা ঘিরে থাকা চার নদী বাঁচাতে গুরুত্ব পরিবেশমন্ত্রীর
রাজধানী ঘিরে থাকা চার নদীকে দূষণ থেকে রক্ষা করতে একটি ‘জয়েন্ট এনফোর্সমেন্ট টিম’ গঠনের উপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
একইসঙ্গে মেঘনা নদীকে দূষণমুক্ত রেখে ঢাকার নাগরিকদের জন্য সুপেয় পানির আধার ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার ‘স্ট্রেনদেনিং মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট ইন দ্য মেঘনা রিভার ফর ঢাকাস সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ শীর্ষক একটি সমীক্ষা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত এ সমীক্ষা নিয়ে এডিবি, ঢাকা ওয়াসা এবং পরিবেশ বিভাগের উদ্যোগে সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “আমরা গত ৩০ বছরে ঢাকার চারপাশের চারটি নদী ধ্বংস করে ফেলেছি। এরমধ্যে বুড়িগঙ্গা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বাকি তিনটাও মৃত প্রায়।”
আইন থাকলেও বাস্তবায়ন নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা অনুভবই করিনি যে আমরা আমাদের লাইফ লাইন নষ্ট করে ফেলেছি। তবে এখন আমরা অনুধাবন করছি। এখন আমাদের নদী বাঁচানোর জন্য আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।
“এই নদীগুলো রক্ষায় একটি জয়েন্ট এনফোর্সমেন্ট টিম দরকার। যেখানে শিল্প মন্ত্রণালয় মুখ্য ভূমিকা পালন করবে।”
তিনি বলেন, “আমরা নদী উদ্ধারের কথা বলি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না। আমরা বুড়িগঙ্গাকে বাঁচানোর জন্য ট্যানারি শিল্পকে সাভারে স্থানান্তর করলাম। কিন্তু এখন নতুন করে ধলেশ্বরী দূষণ করছি। এমন পরিস্থিতিতে আমাদের মেঘনা দূষণের বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদেরকে এই চারটি নদী উদ্ধার করতে হবে। তা নাহলে আমরা মেঘনাকে মেইনটেইন করতে পারব না। মেঘনার বর্তমান অবস্থা ধরে রাখতে পারব না।”
যথাযথ ব্যবস্থা গ্রহণে জোর দিয়ে মন্ত্রী বলেন, “পদ্মা সেতুর কারণে পদ্মা নদীও দূষিত হতে চলেছে। তবে যথাযথ পর্যবেক্ষণ করতে পারলে দূষণ থেকে বাঁচানো সম্ভব।”
এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ে একটি বাস্তবায়ন পদ্ধতি বের করতে হবে বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মহসিন চৌধূরী বলেন, “ঢাকার নদীগুলো রক্ষায় একটি মহাপরিকল্পনা ইতিমধ্যে তৈরি করা হয়েছে। এ মহাপরিকল্পনা আগামী টাস্কফোর্স মিটিংয়ে অনুমোদন নেওয়া হবে।”
তিনি বলেন, “নদী দূষণকারীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।”
এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ বলেন, “ঢাকা বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল মেগাসিটি। এ মেগাসিটির সুপেয় পানির ব্যবস্থা করা বিশাল এক চ্যালেঞ্জ। বাংলাদেশের নদী দূষণ রোধে অতীত থেকে শিক্ষা নিয়ে পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ পানির ব্যবস্থাপনা করে যেতে হবে।”
কৃষির জন্য ভূপৃষ্ঠের উপরিভাগের পানি ব্যবহার করারও পরামর্শ দেন তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমীক্ষার দলনেতা আর হেন্স আলডেরিংক।
তিনি বলেন, “ঢাকার চতুর্পাশের চার নদী বুড়িগঙ্গা, বালু, তুরাগ এবং শীতলক্ষ্যা দূষিত হওয়ায় বর্তমানে মেঘনা থেকে পানি এনে রাজধানীবাসীদের সরবরাহ করা হচ্ছে।
“কিন্তু এখন মেঘনা নদীতেও দূষণ শুরু হয়েছে। মেঘনা নদীর পাঁচটি খাল যেমন বিষনন্দী, ঝাওচর, হাড়িধোয়া দিয়ে নরসিংদীর শিল্প এলাকার দূষিত পানি মেঘনায় এসে পড়ছে।”
এতে আরও বলা হয়, মেঘনা নদীর পশ্চিম তীরে প্রায় দুই হাজার শিল্প স্থাপিত হয়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে। এছাড়াও মেঘনা সেতুর আশপাশের শিল্প বর্জ্যও নদীতে পড়ছে। এসব শিল্প বর্জ্যের কারণে মেঘনা প্রতিনিয়ত দূষিত হচ্ছে।
এ দূষণ থেকে মেঘনাকে বাঁচাতে সমন্বিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে প্রতিবেদনে।
