অর্থ পাচারের মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার
বাংলাদেশ ব্যাংকের বিধি বিধান অমান্য করে ফারমার্স ব্যাংকের কয়েকটি শাখায় নয় কোটি ২৮ লাখ টাকা জমা করার পর সেই অর্থ পাচারের অভিযোগে করা মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনের সামনে থেকে ফেরদৌস জুবায়েত ইসলাম ভূইয়া নামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
ফেরদৌস এসটুআরএস করপোরেশনের স্বত্তাধিকারী বলে জানান তিনি।
এর আগে সকালে ওই অর্থ পাচারের অভিযোগে টাঙ্গাইল মডেল থানায় গ্রেপ্তার আসামিসহ চারজনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।
অন্য আসামিরা হলেন- ফারমার্স ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) ছেলে মেসার্স আরসিএল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের মালিক রাশেদুল হক চিশতী, ব্যাংকের গুলশান শাখার সাবেক নির্বাহী কর্মকর্তা ও জামালপুর বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক সাজলী শবনম এবং ব্যাংকটির বগুড়া শাখার সহকারী কর্মকর্তা সোহেল রানা।
রাশেদুল হক চিশতী দুদকের আরেক মামলায় কারাগারে আছেন বলে জানান প্রণব ভট্টচার্য্য।
মামলার এজাহারে বলা হয়, ফারমার্স ব্যাংক লিমিটেডের টাঙ্গাইল শাখার কথিত গ্রাহক আরসিএল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের নামে ব্যাংকটির বকশীগঞ্জ শাখায় চার কোটি, মিরপুর শাখায় ৫৪ লাখ এবং টাঙ্গাইল শাখায় দুই কোটি ৬৪ লাখ ৯০ হাজার ও দুই কোটি ১০ লাখ আড়াই হাজার টাকা জমা হলে কোনো বৈধ উৎস অনুসন্ধানকালে পাওয়া যায়নি।
আসামিরা ওই টাকা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার মোতাবেক এসটিআর না করে এবং ব্যাংকিং বিধি বিধান অমান্য করে জমা করা অর্থের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করার লক্ষে জ্ঞাতসারে স্থানান্তর, হস্তান্তর, লেয়ারিং করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
