সোমবার দিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সোমবার ভারতের রাজধানী নয়া দিল্লি শুরু হচ্ছে।
এই সম্মেলন ৮ সেপ্টেম্বর শেষ হবে বলে রোববার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দিল্লিতে বিএেএফের চাওলা ক্যাম্পে স্থানীয় সময় বিকাল ৪টায় আনুষ্ঠানিক বৈঠকের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা হবে।
সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ দলে সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন।
অন্যদিকে ২০ সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মা।
বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাও থাকবেন প্রতিনিধি দলে।
এছাড়া নিরীহ বাংলাদেশি নাগরিকদের আটক, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা, জয়েন্ট রিট্রিট সেরিমনির ভেন্যুগুলোতে দর্শকদের জন্য সীমান্তের দুই পাশে একই ধরনের গ্যালারি নির্মাণ, সীমান্তে ‘ক্রাইম ফ্রি জোন’ এর আওতা বৃদ্ধি, উভয় দেশের সীমান্ত নদীসমূহের তীর সংরক্ষণ এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।
সীমান্ত সম্মেলন উপলক্ষে ৬ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। পরদিন সম্মেলনের যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স- জেআরডি) স্বাক্ষরিত হবে।
ভারত সফরকালে বিজিবি মহাপরিচালক সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবের সৌজন্য সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।
সম্মেলন উপলক্ষে বিজিবি পরিচালিত সীমান্ত পরিবার কল্যাণ সমিতির (সীপকস) সভানেত্রী সোমা ইসলামের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল ভারতে যাবেন।
সেখানে সীপকস প্রতিনিধি দল বিএসএফ পরিচালিত বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন এবং অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
