কোটা আন্দোলনের নেতা তুষারের জামিন
কোটা সংস্কার দাবির আন্দোলনের নেতা তৌহিদুল ইসলাম তুষার তথ্য প্রযুক্তি আইনের মামলায় জামিন পেয়েছেন।
বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক তুষারকে পুলিশ এই মামলায় চার দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদও করেছিল।
রোববার তুষারের জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ।
তুষারের বিরুদ্ধে রমনা থানার এই মামলা তদন্ত করছেন কাউন্টার টেররিজমের সাইবার সিকিউরিটি বিভাগের পরিদর্শক রাফিকুল ইসলাম।
ঈদের আগে গত ২০ অগাস্ট কোটা আন্দোলনকারীদের নেতা রাশেদ খান, ফারুক হাসান. এপিএম সুহেল, সাখাওয়াত হোসেন রাতুলসহ ২০ জন জামিন পেয়েছিলেন।
তখন আন্দোলনকারীদের আরেক নেতা ইডেন কলেজের শিক্ষার্থী লুৎফুন নাহার লুমার জামিন আবেদন নাকচ করা হয়েছিল।
তিনি আবারও জামিনের আবেদন করেছেন। হাকিম সুব্রত ঘোষ সেই আবেদনের শুনানি গ্রহণের জন্য সোমবার দিন রেখেছেন বলে আদালত পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ থেকে জানা গেছে।
