২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কেও ফিটনেসবিহীন যানবাহন নয়: আইজিপি

ঈদ সামনে রেখে মহাসড়কে যাতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে না পারে সে জন্য কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2018, 01:15 PM

Updated : 19 Aug 2022, 02:28 PM

সোমবার পুলিশ সদর দপ্তরে কোরবানির ঈদ কেন্দ্র করে নিরাপত্তা কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আইজিপি বলেন, “মহাসড়কে যাতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে না পারে তা আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা রাস্তায় থাকবেন, তারা নিয়মিত সড়ক পরিদর্শনে যাবেন।”

অনিয়ম পেলে গাড়ি ‘সরাসরি ডাম্পিং’এ পাঠানোর হুঁশিয়ারিও দেন তিনি।

বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে যে সব ট্রাক আসছে, সে সব ট্রাকের সামনে কোন হাটে নেওয়া হবে তার ব্যানার লাগানোর ব্যাপারে নির্দেশনা দিয়ে তিনি বলেন, এটা লাগানো হলে বিভ্রান্তি দূর হবে এবং কেউ জোর খাটাতে পারবে না।

ঈদে যাত্রীদের নিরাপত্তা দিতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “‘অজ্ঞান ও মলম’ পার্টির বিরুদ্ধে গত ঈদ থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছিল, যে কারণে কোন অভিযোগ আসেনি।

“তবে মানুষকে সচেতন হতে হবে, রাস্তায় অপরিচিত কারো দেওয়া কোনো কিছু গ্রহণ করা যাবে না।”

ঈদে ঢাকা ছেড়ে গ্রামে যাওয়া মানুষদের বাড়ি-ঘরের নিরাপত্তার জন্য মহানগরে পুলিশের টহল স্বাভাবিক সময়ের চেয়ে বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

লঞ্চে যেন অতিরিক্ত যাত্রী উঠতে না পারে সে দিকে পুলিশ সদস্যদের নজরদারি থাকবে বলে জানান জাবেদ পাটোয়ারী।

১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি যেন সুষ্ঠুভাবে হয়, সে বিষয়েও পুলিশ সতর্ক থাকবে বলে জানান তিনি।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ‘অত্যন্ত যৌক্তিক’ বলে স্বীকার করে আইজিপি বলেন, “পরে এই আন্দোলনের মাঝে অনুপ্রবেশকারীরা ঢুকে গিয়েছিল। তারা মিথ্যা তথ্য প্রচার এবং গুজব রটিয়ে পরিস্থিতিকে অন্য দিকে নেওয়ার চেষ্টা করেছিল। এ পর্যায়ে পুলিশ কঠোর হতে বাধ্য হয়।

এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আরও যারা জড়িত, তাদের চিহ্নিত করার কাজ চলছে। কেউ যদি দেশের বাইরে থেকেও এসব করে থাকে, তার ব্যাপারেও পুলিশ ‍আইনানুগ ব্যবস্থা নেবে।”

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও আইজিপি জানান।

“সাংবাদিকদের উপর হামলায় কোনো পুলিশ সদস্যের গাফিলতি আছে কিনা বা তারা সেই সময় নিষ্ক্রিয় ছিল কিনা সেই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।”

ওইসব ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে অতিরিক্ত কমিশনার গোয়েন্দা পুলিশকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, “কমিটি তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

“পুলিশ সব কিছু এক দিনে করতে পারে না, সময় লাগে। সাংবাদিকদের উপর হামলার বিষয়টি জোর দিয়ে দেখা হচ্ছে।”

এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, “কারা হেলমেট পরে হামলা চালিয়েছিল, তা পুলিশের জানা নেই। তবে পরিস্থিতি মোকাবেলায় জনগণের সাহায্য ছাড়া পুলিশ আর কারও কাছে সাহায্য চায় না।”

আইজিপি বলেন, প্রতি জেলায় সাইবার অপরাধ মনিটরিং করার জন্য সাইবার ইউনিট গঠন করে ‘পেট্রোলিংয়ের’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

কোরবানির ঈদকে সামনে রেখে চামড়া পাচার রোধে পুলিশ সতর্ক থাকবে বলেও জানান তিনি।