২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্প: প্রশিক্ষণে সমন্বিত উদ্ধারের মহড়া

অপরিকল্পিত নগরায়ন আর ঘনবসতির শহর ঢাকায় ভূমিকম্প পরবর্তী সমন্বিত উদ্ধার তৎপরতার বিষয়ক প্রশিক্ষণে একত্রিত হয়েছে ঢাকার সব অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 09:30 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

আর্মি ওয়ার গেম সেন্টারে রোববার সকালে পাঁচদিনের এই প্রশিক্ষণ শুরু হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা একাডেমিক সেশনের পাশাপাশি অংশ নেবেন অনুশীলনেও।

‘উষার দুয়ারে-১’ নামের এই প্রশিক্ষণ কার্যক্রমের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মো. নাজিমুদ্দিন বলেন, আর্মি ওয়ার গেম সিমুলেশন সিস্টেম প্রশিক্ষণে বাস্তব অবস্থার মত পরিবেশের ব্যবস্থা করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) নাজিমুদ্দিন বলেন, “এখানে প্রশিক্ষণার্থীরা বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা এবং সিদ্ধান্ত গ্রহণে অধিকতর সক্ষমতা অর্জন করবেন।”

প্রশিক্ষণ উপলক্ষ্যে দেওয়া বাণীতে তিনি বলেন, “বাংলাদেশ অতীতে রিখটার স্কেলে সাতের বেশি মাত্রার ১০টি ভূমিকম্পের কবলে পড়েছিল। এ সব ভূমিকম্পে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, যার একটিতে বদলে গিয়েছিল ব্রহ্মপুত্র নদের গতিপথও।

“বাংলাদেশ তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে ভারতীয় প্লেট, উত্তরে তিব্বতের সাবপ্লেট, পূর্বে বার্মা প্লেট গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপ এলাকার ১৬ কোটি মানুষকে ঝুঁকিতে ফেলেছে।”

Image
ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতার উপর রোববার ঢাকা সেনানিবাসে এক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি: আসিফ মাহমুদ অভি

ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতার উপর রোববার ঢাকা সেনানিবাসে এক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি: আসিফ মাহমুদ অভি

জনসংখ্যার ঘনত্ব এবং অপরিকল্পিত নগরায়নের ফলে ভবিষ্যতে একই ধরনের ভূমিকম্প আরও ভয়ঙ্কর ফল নিয়ে আসবে বলে তিনি মনে করেন।

“পৃথিবীর ১৭৩টি দেশের মধ্যে দুর্যোগ প্রবণতায় বাংলাদেশ সাত নম্বরে রয়েছে। সকল দুর্যোগ পূর্বাভাস দেওয়া সম্ভব হলেও ভূমিকম্পে সেই সুযোগ নেই। কখন এটা আঘাত হানবে সেটা বলা যায় না। এর ফলে অবকাঠামোগত ধসে জানমালের ওপর ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে।”

২০০৮-০৯ সালে কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের করা এক সমীক্ষার উদ্বৃতি দিয়ে তিনি বলেন, মধুপুরের ফাটলে রিখটার স্কেলে সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৭২ হাজার ভবন সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। ৫৩ হাজার ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

“সেটা আসলে ঢাকা শহর মৃতনগরীতে পরিণত করবে,” বলেন নাজিমুদ্দিন।

প্রশিক্ষণ উদ্বোধন করতে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এই গুরুত্বপূর্ণ অনুশীলন সাংগঠনিক দক্ষতা, যন্ত্রপাতির ব্যবহার, প্রশিক্ষণ পরিচালনা ও সকলের মধ্যে সমন্বয়ে ঘাটতি নির্ধারণের পাশাপাশি তা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেসকো, আঞ্জুমান মফিদুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা সিভিল সার্জন অফিস, পিডিবি এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্যবস্থাপনায় এই বিশেষ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। বাংলাদেশে এটিই প্রথম ভূমিকম্পের ওপর কম্পিউটারভিত্তিক প্রশিক্ষণ।

অনুষ্ঠানে আর্মি ওয়ার গেম সেন্টারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় একাডেমিক সেশন, যা চলবে দ্বিতীয় দিনেও। এদিন একটি প্যানেল আলোচনায় অংশ নেবেন ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য  মেজর জেনারেল মো. ইমদাদ-উল-বারী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী প্রমুখ।

দ্বিতীয় দিনে অনুশীলন আয়োজনের ওরিয়েন্টশন হবে প্রশিক্ষণার্থীদের সঙ্গে, যা চলবে তৃতীয় ও চতুর্থ দিন। শেষদিনে কার্যক্রম পর্যালোচনার পর সমাপনী অনুষ্ঠান দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।