২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এসডিজি অর্জনে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য’

কার্যকরভাবে মাদক নিয়ন্ত্রণ করা না গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও স্বাস্থ্যসম্মত জীবনমান নিশ্চিত করা সম্ভব নয় বলে মত দিয়েছেন একটি সেমিনারে বক্তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2018, 11:24 PM

Updated : 08 Apr 2022, 06:37 PM

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে শনিবার নিজস্ব অডিটোরিয়ামে ‘এসডিজির লক্ষ্য অর্জনে মাদক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা’ শিরোনামে এই সেমিনার হয়।

সেমিনারে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা ও পুনর্বাসন) মো. মফিদুল ইসলাম বলেন, “সামাজিক সমস্যা এই মাদক রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। সরকার মাদক নিয়ন্ত্রণে সরবরাহ, চাহিদা এবং ক্ষতি-ঝুঁকি হ্রাস এই তিনটি ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, “এ পর্যন্ত ২৭ হাজার প্রতিষ্ঠানে মাদকবিরোধী ক্যাম্পেইন করা হয়েছে। ২৩৪টি বেসরকারি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র কাজ করছে।” 

অনুষ্ঠানের বিশেষ অতিথি মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানসের সভাপতি ডা. অরুপ রতন চৌধুরী বলেন, “মাদক চোরাচালানে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ রুট বাংলাদেশ।

“বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত তাদের মধ্যে শতকরা ৬০ ভাগ মাদকাসক্ত এবং  শতকরা ৭০ ভাগ পরিবার জানে না মাদকাসক্তি একটি ‘ব্রেইন ডিজিজ’, যা ক্যান্সারসহ অন্যান্য রোগের মতোই একটি রোগ।”

২০৩০ সালের মধ্যে এসডিজির ১৭টি লক্ষ্য অর্জনে ১৬৯টি টার্গেট পূরণের জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছেন বিশ্বনেতারা। এসব লক্ষ্যের মধ্যে মাদক নিয়ন্ত্রণ ও মাদকাসক্তদের চিকিৎসা প্রদান অন্যতম বলে সেমিনারে জানানো হয়।

ড. খলিলুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ইকবাল মাসুদ।

এছাড়াও বক্তব্য রাখেন জাতিসংঘের মাদক ও অপরাধবিরোধী সংস্থা অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবিএম কামরুল আহসান এবং ঢাকা সিভিল সার্জন ডা. মো. এহ্সানুল করিম।

অনুষ্ঠানে অতিথিদের ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় এবং আহছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মাদক বিষয়ক দুটি পোস্টারের মোড়ক উন্মোচন করা হয়।

স্বাগত বক্তব্য প্রদানসহ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক কর্মসূচি (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক হামিম।