২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি স্যালাইন তৈরি বন্ধের নেপথ্যে ‘দুর্নীতি’

সরকারি প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউটের বিরুদ্ধে স্যালাইনের ‘কৃত্রিম সংকট’ সৃষ্টি করে বেসরকারি স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ব্যবসার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2018, 08:39 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইনে (১০৬) সংক্রান্ত অভিযোগ পেয়ে দুদকের কর্মকর্তা রোববার মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন।

দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হলেও কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের গোচরে আনা হবে।”

দুদকের এক কর্মকর্তা জানান, কমিশনের উপ-পরিচালক সাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশসহ পাঁচ সদস্যের একটি দল স্যালাইন উৎপাদনকারী সরকারি এ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ‘ভয়াবহ অনিয়মের’ সন্ধান পায়।

এর আগে দুদকে অভিযোগ আসে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিতে গত এক বছর ধরে স্যালাইন উৎপাদন বন্ধ রয়েছে।

অভিযোগকারী বলেন, “উদ্দেশ্যমূলকভাবে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানে স্যালাইন উৎপাদন বন্ধ রেখে বেসরকারি স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের ব্যবসা চাঙ্গা করার সুযোগ করে দেওয়া হয়েছে।”

দুদকের ওই কর্মকর্তা বলেন, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক আবুল কালাম মোহাম্মদ আজাদ উৎপাদন বন্ধ থাকার জন্য কাঁচামাল কিনতে না পারাকে কারণ দেখিয়েছেন। এ কারণে গত অর্থবছরে এ প্রতিষ্ঠানের বাজেটের আট কোটি টাকা ফেরত যায় বলেও ওই কর্মকর্তা জানান।

দুদকের অভিযান দলের সমন্বয়কারী মুনীর চৌধুরী বলেন, “কোনো যৌক্তিক কারণ ও ভিত্তি ছাড়া উৎপাদন বন্ধ রাখাও এক ধরনের দুর্নীতি। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তে অনুসন্ধান করে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে দুদক আইনানুগ ব্যবস্থার পথে যাবে।”

একই সাথে প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তিনি।