২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিড়ের চাপে ট্রেনের দরজা থেকে পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে ট্রেনের দরজা থেকে হাত ফসকে পড়ে পা হারিয়েছেন এক যুবক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2018, 09:40 PM

Updated : 19 Aug 2022, 02:11 PM

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টা দিকে বিমানবন্দর রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

আহত সোহেল রানাকে (২৭) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে উত্তরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানিয়েছেন।

আহত সোহেল সুন্দরগঞ্জের খিদির এলাকার দক্ষিণ শ্রীপুর খুশুর পাড়ার আব্দুল বাকি সরকারের ছেলে।

তিনি ঢাকায় আরএফএল কোম্পানিতে চাকরি করেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোহেল বিমানবন্দর রেলস্টেশন থেকে রাজশাহী এক্সপ্রেসে উঠেছিলেন। ট্রেনটি কিছুদূর যাওয়ার পর তিনি পড়ে গেলে ট্রেনে চাকায় তার ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।”

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সিএমএইচে নিয়ে যান বলে জানান সফিকুল।

তিনি বলেন, সোহেল স্বজনদের সঙ্গে ঢাকা থেকে গাইবান্ধা ঈদ করতে যাওয়ার সময় এই দুর্ঘটনা পড়েন।

সোহেলের বাবা বাকি সরকারের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেণ, “শুনেছি সোহেল ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিল, যাত্রীদের চাপে হাত ফসকে সে ট্রেন থেকে পড়ে যায়।”