হাই কোর্টে ১৮ জন অতিরিক্ত বিচারক নিয়োগ
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে ১৮ জন বিচার বিভাগের কর্মকর্তা ও আইনজীবীকে নিয়োগ দিয়েছে সরকার।
সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে শপথ গ্রহণের তারিখ থেকে রাষ্ট্রপতি তাদেরকে দুই বছরের জন্য হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন জানিয়ে বুধবার আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ।
ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক জেলা জজ মো. আবু আহমদ জমাদার, পিআরএল ভোগরত আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (জেলা জজ) মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা জজ ফাতেমা নজীব এবং ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হাসান মোল্লা হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।
ঢাকা জেলা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকা বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, শশাংক শেখর সরকার, এস এম মনিরুজ্জামান, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও খোন্দকার দিলীরুজ্জামানকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আব্দুল মবিন, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, আহমেদ সোহেল, কে এম হাফিজুল আলম হাই কোর্ট বিভাগের বিচারক নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন বিচারকরা শপথ নেবেন বলে হাই কোর্ট বিভাগের স্পেশাল অফিসার সাইফুর রহমান জানিয়েছেন।
এর আগে সবশেষ ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি ১০ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছিল।
