২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার কাউন্সিলের নেতৃত্ব বাছাইয়ে চলছে ভোট

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারকি সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 12:49 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

সোমবার সকাল ১০টা থেকে বার কাউন্সিলের ১৪ সদস্যের নির্বাহী কমিটি নির্বাচনে ঢাকাসহ দেশের ৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত দেশের ৪৩ হাজার ৮৮৪ জন আইনজীবী ভোট দেবেন।

বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ১০টা থেকে ভোট শুরু হয়েছে। এখন পর‌্যন্ত এ নিয়ে কোনো অভিযোগ-অনুযোগ পাওয়া যায়নি। আশা করছি, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হবে।”

সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির মিলনায়তন কেন্দ্রের দায়িত্বে থাকা বার কাউন্সিলের সহকারী পরিচালক মো. ইব্রাহিম হোসেন খানও সুষ্ঠু ভোটগ্রহণের কথা সাংবাদিকদের জানিয়েছেন।

নির্বাচনে সরকার ও বিএনপি সমর্থক আইনজীবীদের প্যানেলের প্রার্থীরা ব্যাপক প্রচারণা চালিয়েছেন। উভয় প্যানেলই নির্বাচনে জয়ের আশাপ্রকাশ করছে।

এখন বার কাউন্সিলের ১৪ সদস্যের নির্বাহী কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন সরকারসমর্থক আইনজীবীরা। কমিটিতে সরকারসমর্থক আইনজীবী রয়েছেন ১০ জন এবং বিএনপিসমর্থক আইনজীবী রয়েছেন চারজন।

বার কাউন্সিল নির্বাচনে সারা দেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে ৭ জন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরো ৭ জন নির্বাচিত হয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে হন বার কাউন্সিলের চেয়ারম্যান।

এবারের নির্বাচনে সরকারসমর্থক আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে প্যানেল নেতা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান প্রবীণ আইনজীবী আবদুল বাসেত মজুমদারকে।

এ প্যানেল থেকে সাধারণ আসনে অন্য প্রার্থীরা হলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সৈয়দ রেজাউর রহমান, শ ম রেজাউল করীম, জেড আই খান পান্না ও পরিমল চন্দ্র গুহ।

এর মধ্যে আবদুল বাসেত মজুমদার, জেড আই খান পান্না এবং শ ম রেজাউল করীম বর্তমান কমিটিতে রয়েছেন।

বিএনপিসমর্থক আইনজীবী প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সাধারণ আসনে এ প্যানেল থেকে অন্য প্রার্থীরা হলেন আইনজীবী তৈমূর আলম খন্দকার, আলহাজ বোরহান উদ্দিন, মো. আব্বাস উদ্দিন, ফজলুর রহমান, হেলাল উদ্দিন মোল্লা ও আসিফা আশরাফী পাপিয়া।

গত শনিবার এ জে মোহাম্মদ আলী আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন যে, আগের নির্বাচনী ফলাফল ঠিকমতো দেওয়া হয়নি। ফল পরিবর্তন করে দেওয়া হয়েছে।

এবার নির্বাচন কর্মকর্তাদের (প্রিসাইডিং অফিসার) প্রতি নির্বাচনে কোনো অনিয়ম না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ নির্বাচনে সরকারের হস্তক্ষেপ বরদাশত করা হবে না।’

ওইদিন বিকালেই সংবাদ সম্মেলন করে বাসেত মজুমদার অভিযোগ তোলেন, পরাজয়ের ভয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপিপন্থী আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে অনুষ্ঠিত পাল্টা সংবাদ সম্মেলনে বাসেত মজুমদার বলেন, ‘বার কাউন্সিল নির্বাচনে পরাজয়ের ভয়ে অমূলক কথা বলে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপিপন্থী আইনজীবীরা।

“এবারের নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা করা হয়েছে। ভোটারদের ভোট দেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে। এ কারণে জাল ভোটের কোনো সুযোগ নেই।”

ঝালকাঠিতে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে এ জে মোহাম্মদ আলী যে অভিযোগ তুলেছিলেন, সে অভিযোগ সম্পূর্ণ অবান্তর বলে মন্তব্য করেন বাসেত মজুমদার।

সোমবার বার কাউন্সিল নির্বাচনে ফুল প্যানেলে জয়ের প্রত্যাশার কথা জানিয়ে আব্দুল বাসেত মজুমদার সাংবাদিকদের বলেন, ‘সারা দেশে আমরা প্রচার-প্রচারণা চালিয়েছি। সাধারণ আইনজীবীদের থেকে আমরা বেশ সাড়া পেয়েছি। আশা করছি, উন্নয়নের ধারা ধরে রাখতে আইনজীবীরা আমাদের ভোট দেবেন। ফুল প্যানেলে জয় হবে বলেও আশা করছি।’

বিএনপিপন্থি প্যানেলের নেতা এ জে মোহাম্মদ আলীও ফুল প্যানেলে জয়ের আশা করছেন।

সকালে ভোট শুরু হওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, “শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা বা কারো বিরুদ্ধে অভিযোগের খবর আমরা পাইনি।

“আশা করছি, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হলে আমরা ফুল প্যানেলে বিজয়ী হব।”