স্মরণে রিমু-বিপাশা-অনিরুদ্ধ
নেপালে বিমান দুর্ঘটনায় নিহত রফিক জামান, তার স্ত্রী সানজিদা হক বিপাশা ও সন্তান অনিরুদ্ধ জামানের স্মৃতি ধরে রাখতে বন্ধু-শুভানুধ্যায়ীদের উদ্যোগে বের হল স্মরণে রিমু-বিপাশা-অনিরুদ্ধ।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে তাদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও স্লোগান ৭১ আয়োজনে স্মরণ সভায় এই স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার সময় রিমু ও বিপাশা ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সক্রিয়ভাবে যুক্ত ছিলেন; রিমু সক্রিয় ছিলেন স্লোগান ৭১ এও।
সপরিবারে নেপাল ভ্রমণে যাওয়ার সময় গত মার্চে ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার এয়ারলাইন্স দুর্ঘটনায় পড়লে তারা তিনজনই নিহত হন।
রওশন আরা ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “রিমু শান্ত স্বভাবের ছেলে ছিল। সে ছোটবেলায় যা করতে চাইত, আমি তা করতে দিতাম। স্কুল জীবনে খুব বেশি বন্ধু না থাকলেও কলেজ জীবনে ওর অনেক বন্ধু হয়ে গেল।
“যখন বিশ্ববিদ্যালয়ে গেল, তখন সে নানা আন্দোলনে জড়িত হয়ে গেল। ওকে আমি মানা করতাম। কিন্তু সে বলত, ‘এগুলো করতে হবে’।”
বিশ্ববিদ্যালয় জীবন শেষে সাংবাদিকতা শুরু করেছিলেনি রিমু; পরে জাতীয় প্রতিবন্ধী ফোরামে যোগ দিয়ে প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার কাজে নামেন। শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের জন্য ২০০৮ সালে তার উদ্যোগে সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএল) প্রতিষ্ঠিত হয়। প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ পিএনএসপি প্রতিষ্ঠাও তার অবদান।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “রিমু নিজের জমি ব্যবহার করেছিল, সে ভাবত প্রতিবন্ধীদের জন্য কীভাবে কাজ করা যায়? সে কাজ করেছে ইশারা ভাষার জন্যও।
“রিমু ও বিপাশা অল্প বয়সে কত ধরনের কাজ করে গেছে! ছাত্রজীবন থেকে পেশা জীবনে কীভাবে কাজ করেছে গেছে ওরা। তাদের কাছ থেকে শেখার আছে অনেক।”
বিপাশা কাজ করতেন হাঙ্গার প্রজেক্টে; ওই সংস্থার হয়ে সুশাসনের জন্য নাগরিকে (সুজন) দায়িত্ব পালন করতেন তিনি।
পুত্রবধূ বিপাশাকে ‘নিজের মেয়ের মতো’ দেখার কথা জানিয়ে শ্বাশুড়ি রওশন আরা বলেন, “সংসারে বিপাশা বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। সবকিছুতে সে আমাকে বুদ্ধি দিত।”
২০০৫ সালে ঘরে বেঁধেছিলেন রিমু-বিপাশা। ২০০৮ সালে তাদের প্রথম সন্তানটি তিন দিন বয়সে মারা যায়। তার দুই বছর পর তাদের কোলজুড়ে আসে অনিরুদ্ধ।
এই স্মরণ অনুষ্ঠানে যোগ দেন বিমান দুর্ঘটনায় নিহত নেপালি নাগরিক শ্বেতা থাপা ও চারু বড়ালের পরিবারের সদস্য উর্মিলা প্রধান, পীযূষ বড়াল। চারু বড়াল সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজে চিকিৎসাশাস্ত্রের ছাত্র ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, “আজ রিমু-বিপাশাদের ঘনিষ্ঠজনদের মনের অবস্থা আমরা জানি। তাদের কথা থেকে আমরা জানব, আমরা কী হারিয়েছি, দেশ কী হারিয়েছে।”
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। আর সেটা যদি হয় কাছের মানুষের, সেটা আরও বেদনাদায়ক। রিমু বিশ্ববিদ্যালয় জীবনে এক বলিষ্ঠ সংগঠক ছিল। সামাজিক কর্মী বা সংস্কৃতিকর্মী হিসেবে তার ভূমিকা কখনও ভোলার নয়।”
স্মরণ অনুষ্ঠানে রিমু-বিপাশার পরিবারের নানা মুহূর্তের ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনও ছিল।
