চট্টগ্রাম ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিল চূড়ান্ত
চট্টগ্রাম ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পুরনো আইন বাতিল করে নতুন আইন করতে সংসদে তোলা বিলের প্রতিবেদন চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি।
সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিলটি পাসের সুপারিশ করে প্রতিবেদন চূড়ান্ত করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১৫ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পৃথকভাবে ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮’ এবং ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮’ সংসদে উত্থাপন করেন।
পরে বিল দুটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
১৯৫৯ সালের ‘চিটাগং ডেভেলপমেন্ট অথরিটি অর্ডিন্যান্স’ এবং ১৯৬১ সালের ‘খুলনা ডেভেলপমেন্ট অথরিটি অর্ডিন্যান্স’ বাতিল করে নতুন আইন করতে বিল দুটি তোলা হয়।
কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার, একেএম ফজলুল হক, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম অংশ নেন।
