বিজিবি ও বিএসএফ যৌথ মেডিকেল ক্যাম্পেইন শুরু
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) যৌথ উদ্যোগে সিলেটের তামাবিল ও ভারতের ডাউকি সীমান্তে দুই দিনের মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়েছে।
উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শনস্বরূপ সীমান্তের উভয় পাশে বসবাসকারী সাধারণ মানুষের কল্যাণে এই আয়োজন বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. মহসিন রেজা জানান।
শুক্রবার ভারতের সময় সকাল ১০টায় ক্যাম্পেইনের প্রথম দিন শুরু হয়ে দুপুর পর্য্ন্ত।
এসময় ভারতের মেঘালয়ের ডাউকি সীমান্তবর্তী উমসিম গ্রামের ক্লাব হল এ বিজিবি ও বিএসএফের চিকিৎসকদল সমন্বিতভাবে উক্ত এলাকায় বসবাসকারী অসুস্থ ও দুঃস্থ সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেন।
বিজিবি ও বিএসএফের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ে এই মেডিকেল ক্যাম্পেইনের প্রথম দিনে তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়েছেন বলে জানান তিনি।
ক্যাম্পেইন চলাকালে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন, ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহসিনুল হক কবির, সিলেট সেক্টরের মেডিক্যাল অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস চৌধুরী ও অতিরিক্ত পরিচালক মেজর জিয়াউল হোসেনসহ বিজিবির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে বিএসএফের ডিআইজি (মেডিকেল) ড. এ সি ভার্দওয়াজান, বিএসএফ শিলং সেক্টরের ডিআইজি ধরমপাল তোকাস, ৩০ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক এস আর খান ও উপ-অধিনায়ক ভি এন প্রাশারসহ বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার ক্যাম্পেইনের শেষ দিনে সিলেটের তামাবিল সীমান্ত এলাকায় একইভাবে বিজিবি ও বিএসএফের চিকিৎসকদল সমন্বিতভাবে তামাবিল সীমান্তবাসীদের চিকিৎসা সেবা দেবেন বলে জানান মহসিন রেজা।
