২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানির দাম বাড়ছে, অসন্তোষ গ্রাহকদের

আগামী জুলাই থেকে ঢাকা ও নারায়ণগঞ্জে পানির দাম পাঁচ শতাংশ হারে বাড়ানো হচ্ছে।

ওবায়দুর মাসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 08:10 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

এতে ক্ষোভ জানিয়ে গ্রাহকরা বলছেন, এখনও অনেক এলাকায় পানির সংকট ও পানিতে দুর্গন্ধ রয়েছে। সে সবের সমাধান না করে ওয়াসা এভাবে পানির দাম বাড়াতে পারে না।

বর্তমানে আবাসিক গ্রাহকদের প্রতি এক হাজার লিটার পানি ব্যবহারে বিল দিতে হয় ১০ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক গ্রাহকদের ১ হাজার লিটার পানির জন্য দিতে হয় ৩৩ টাকা ৬০ পয়সা।

নতুন দাম কার্যকর হলে আগামী অগাস্ট থেকে আবাসিকে প্রতি ১ হাজার লিটার পানি ব্যবহারে দিতে হবে ১১ টাকা দুই পয়সা। আর বাণিজ্যিক গ্রাহকদের বিল হবে ৩৫ টাকা ২৮ পয়সা।

আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের সময় আবাসিকে প্রতি হাজার লিটার পানির বিল ছিল ৫ টাকা ৭৫ পয়সা। এরপর এই কয় বছরে কয়েক দফায় সেই দাম বেড়ে প্রায় দ্বিগুণ হচ্ছে। প্রতিবছর একবার পানির দাম বাড়ানোর কথা থাকলেও তা সব সময় মানা হয়নি।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলছেন, জুলাইতে বিল যেটা বাড়বে সেটা দাম বৃদ্ধি নয়, দামের সমন্বয়। এটা প্রতিবছরই হয়।

“প্রতি বছর জুলাইয়ের এক তারিখে আমাদের পানির দাম সমন্বয় করা হয়। চলতি বিলের ৫ শতাংশ হারে এটা করা হয়। প্রতি বছর ইনফ্লেশন রেটের সঙ্গে আমরা এডজাস্ট করি।”

আইনেই মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় রেখে ওয়াসা বোর্ডের পানির দাম ৫ শতাংশ পর্যন্ত সমন্বয় করার কথা বলা হয়েছে বলে জানান তিনি।

ওয়াসার তথ্য মতে, ঢাকায় এখন দৈনিক পানির উৎপাদন ২৪৫ কোটি লিটার, যেখানে চাহিদা ২৩০ থেকে ২৩৫ কোটি লিটার। ঢাকা ওয়াসার মোট গ্রাহকের মধ্যে বাণিজ্যিক গ্রাহক প্রায় ৭ শতাংশ।

আবারও পানির দাম বাড়ছে শুনে ক্ষোভ প্রকাশ করে উত্তর শাহজাহানপুরের বাসিন্দা শাহরিয়ার আমিন বলেন, ওয়াসার সরবরাহ নলে যে পানি আসে তাতে দুর্গন্ধ। এ কারণে বাড়তি বিল দিতে তার আপত্তি আছে।

“মাঝে মাঝে এই এলাকার পানিতে অনেক গন্ধ হয়। বর্ষার সময় শ্যাওলার গন্ধ। সরকার কি তার সার্ভিসটা ঠিকমত দিচ্ছে যে দফায় দফায় সব কিছুর দাম বাড়ায়? গ্যাসের বিল দিতে হিমশিম খাই, আবার এখন পানি। সব যদি ঠিকঠাক মতো সার্ভিস পেতাম তাহলে বিল দিতে আপত্তি ছিল না।”

শনিরআখড়ার বাসিন্দা মামুন অর রশীদ বলেন, “ওয়াসার পানিতে দুর্গন্ধ এখানকার নিত্য দিনের বিষয়। গত কয়েক দিন পানির অবস্থা খুবই খারাপ। ওয়াসার পানি কোনো কাজেই ব্যবহার করা যাচ্ছে না। গত বছর অন্তত এক মাস এ অবস্থা ছিল। সেবার মান বাড়াবে না, কিন্তু টাকা বাড়াবে। এটা কেমন কথা?”

গ্যাস-বিদ্যুতের পর পানির দাম বৃদ্ধি নতুন যন্ত্রণা হয়ে দেখা দিচ্ছে বাড়িওয়ালা মো. শমসের আলীর কাছে।

পুরান ঢাকার সূত্রাপুরের এই বাসিন্দা  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমনিতেই পানির বিল অনেক টাকা আসে। এখন আবার বেড়ে গেছে। এই বাড়তি টাকা আমাকেই দিতে হবে। কারণ পুরান ঢাকায় বছর বছর বাড়িভাড়া বাড়ানো যায় না। খরচ আবার বেড়ে গেল!”

পানির মূল্য বৃদ্ধির পেছনে ওই বিদ্যুতের দাম বাড়ানোকেই কারণ হিসেবে দেখাচ্ছেন ওয়াসার কর্মকর্তারা।

ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) উত্তম কুমার রায় বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধিই বেশি প্রভাব ফেলছে।

“আমাদের পাম্পগুলো চালাতে বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়। আমাদের খরচের বড় একটা অংশই যায় বিদ্যুত খরচে। বিদ্যুতের দাম ইদানিং কয়েক দফায় অনেক বেড়ে গেছে। সে অনুযায়ী কিন্তু আমরা পানির দাম বাড়াতে পারি নাই।”

গত বছর নভেম্বরে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়। তার আগে মার্চে বিভিন্ন খাতে গ‌্যাসের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

বিদ্যুৎ ছাড়াও পাম্প চালানোর জন্য প্রয়োজনীয় জেনারেটর, ট্রিটমেন্ট প্লান্টে ব্যবহৃত ক্লোরিনসহ অন্যান্য কেমিকেল এবং রক্ষণাবেক্ষণ যন্ত্রাংশসহ সবকিছুর দাম বেড়েছে বলে জানান উত্তম কুমার।

“এ অবস্থায় দাম সমন্বয় না করে উপায় নেই।”

ওয়াসার এই কর্মকর্তা বলেন, প্রতি এক হাজার লিটার পানি উৎপাদনে তাদের খরচ পড়ে প্রায় ১৭ টাকা। সেখানে প্রায় সাড়ে ৬ টাকার মতো ভর্তুকি দেওয়া হচ্ছে।

দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়ার আগে ওয়াসার গ্রাহকদের মতামত নেওয়া দরকার ছিল বলে মনে করেন কুড়িল বিশ্বরোড এলাকার বাসিন্দা মীর মো. মোকাব্বের হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ওয়াসার একজন কনজ্যুমার। কিন্তু পানির দাম বাড়ে আমি জানতেই পারি না। বাড়িতে বিল আসলে বোঝা যায় পানির দাম বেড়েছে।

“আমি জানতামই না পানির বিল বাড়ছে। এর আগে আমি বিল দিতে আসলে ওয়াসার লোকজনের কাছে বেশি টাকা আসে কেন জানতে চাইলাম। সে আমাকে বলে যে, প্রতি বছর বিল বাড়ে। আমাকে না জানিয়ে তারা কীভাবে বিল বাড়ায়?”