২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারী সন্দেহে পেটানোর পর হাসপাতালে যুবকের মৃত্যু

ঢাকার মগবাজারের নয়াটোলা এলাকায় ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধরে নির্যাতনের পর হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 09:20 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

নিহত মঙ্গলকে (২৫) মঙ্গলবার রাতে নয়াটোলার একটি বাড়িতে বেঁধে রেখে নির্যাতন চালানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে নয়াটোলা এলাকায় ছিনতাই করার সময় মঙ্গলকে ধরে একটি বাসায় বেঁধে রাখে এবং রাতভর নির্যাতন করে আজ (বুধবার) সকালে পুলিশকে খবর দেওয়া হয়।”

পুলিশ বুধবার সকালে মঙ্গলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পুনরায় থানায় নিয়ে আসে।

পুলিশ বিকালে মঙ্গলকে ফের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেখে জানান, এই যুবক মারা গেছেন।

জরুরি বিভাগের চিকিৎসক এম এ তারেক সাংবাদিকদের বলেন, “পুলিশ জানিয়েছে যে সে (মঙ্গল) গণপিটুনির শিকার হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।”

আহত মঙ্গলকে সকালে হাসপাতাল থেকে থানায় ফেরত নেওয়ার বিষয়ে পুলিশ কর্মকর্তা মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, “তখন ডাক্তাররা এক্স রেসহ নানা পরীক্ষা-নিরীক্ষা করে বলেছিল, কোনো সমস্যা নেই।” 

এই বিষয়ে সকালে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে দায়িত্বে থাকা কোনো চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা মারুফ বলেন, “মঙ্গলকে আটকের সঙ্গে সঙ্গে কেন পুলিশকে খবর দেওয়া হল না, সে জন্য সাখাওয়াত নামে একজনকে ধরে থানায় আনা হয়েছে।”