উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন
নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার বৈঠকের শুরুতেই মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।
গত ২৭ এপ্রিল সিডনিতে প্রধানমন্ত্রীর হাতে সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।
বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগের বিষয়ে শেখ হাসিনার নেতৃত্বের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সামিট অব উইমেন এই পুরস্কার দেয়।
৩টি সদস্য পদে জিতেছে বাংলাদেশ
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের তিনটি সহযোগী সংগঠনের নির্বাচনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সদস্য পদে জয়ের খবর মন্ত্রিসভাকে জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০১৯-২০২২ মেয়াদের জন্য জাতিসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ), ইউনিসেফের তহবিল পরিচালনা পরিষদ এবং ইউএন উইমেনের পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
“এই নির্বাচনে তিনটি ক্যাটাগরিতেই এশিয়া প্যাসিফিক গ্রুপ বাংলাদেশের নাম প্রস্তাব করে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনভুক্ত ৫৪টি রাষ্ট্রের সবগুলো নির্বাচনে অংশ নেয়।”
বেলাল চৌধুরীর মৃত্যুতে শোক
কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই এই কবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ এপ্রিল মারা যান বেলাল চৌধুরী (৮০)। তিনি কিডনি জটিলতা, রক্তশূন্যতা ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বেলাল চৌধুরী পত্রিকা সম্পাদনা করতেন। … তিনি একাধারে কবিতা, গল্প, উপন্যাস রচনা করেছেন। প্রবন্ধ, কলাম, ফিচার, গল্প, ভ্রমণ কাহিনী, শিশু সাহিত্য, কথাসাহিত্যসহ সাহিত্যের প্রায় সব অঙ্গনে উনার পদচারণা ছিল।
বেলাল চৌধুরী ফারাসি, জার্মানি, স্প্যানিশ, পর্তুগীজ ও জাপানী কবি-লেখকদের ছোটগল্প ও কবিতা বাংলায় অনুবাদ করেন।
ভাষা ও সাহিত্যে গৌরবোজ্জ্বল অবদানের জন্য ২০১৪ সালে একুশে পদক পান তিনি। এছাড়া বাংলা একাডেমি, জাতীয় কবিতা পুরস্কারসহ বহু সম্মননা পুরস্কার পেয়েছেন এই কবি।
