২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি পরীক্ষায় বিষয় কমছে

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বিষয় কমিয়ে এনে চাপ কমানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2018, 05:04 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

শনিবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২০১৭-১৮ অর্থবছরে এডিপি বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতিতে একথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সোহরাব হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে উদ্দেশ করে একজন প্রকৌশলী প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) পরীক্ষা বাদ দেওয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, “সারাদিন কাজ করে এসে যতটা না ক্লান্ত হই, বাসায় এসে মেয়ের পড়ার চাপে তার চেয়ে বেশি ক্লান্ত হই আর প্রচণ্ডভাবে টেনশন ফিল করি। পিইসি পরীক্ষা আমাদের কাছে একেবারে অপ্রয়োজনীয় মনে হয়, আশা করি মাননীয় মন্ত্রী বিষয়টা দেখবেন।”

শিক্ষামন্ত্রী এ কথার জবাব না দিলেও সচিব সোহরাব হোসাইন জানান, পিইসি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা। এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, “আমাদের অধীনে যেগুলো আছে সেগুলো যদি সরকার বন্ধ করার সিদ্ধান্ত নেয় তবে তা অনেক উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। হুট করেই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

“তবে আমাদের মন্ত্রী নির্দেশ দিয়েছেন যে জেএসসিতে সাবজেক্ট কমিয়ে এনে চাপ কমানো যায় কি না? সেটা নিয়ে আমরা কাজ করছি।”

অনুষ্ঠানে মাঠ পর্যায়ের প্রকৌশলীদের উদ্দেশে কথা বলেন শিক্ষামন্ত্রী।

অধিদপ্তরের সাফল্য ও অর্জন তুলে ধরে তিনি প্রকৌশলীদের দ্বিগুণ গতিতে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

নাহিদ বলেন, “আমাদের এখনও অসংখ্য বিদ্যালয় ভবন তৈরি করতে হবে জুন মাসের মধ্যে। হাতে সময় নেই বললেই চলে।”

“অন্যান্য মন্ত্রণালয়ের মধ্যে আমাদের শিক্ষা পরিবার সবচেয়ে বড়। সব বাচ্চাদের হাতে বছরের শুরুতেই বই তুলে দেওয়া থেকে শুরু করে তাদেরকে বিশ্বমানের করে গড়ে তোলার দায়িত্ব আমরা সবাই নিয়েছি। সবাইকে অনেক কাজ করতে হবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহীউদ্দীন খান।