২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে ছায়ানটে গীতিআলেখ্য

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল গীতিআলেখ্য‘আপন হৃদয়গহন-দ্বারে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 09:59 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার উদ্যোগে শুক্রবার সন্ধ্যার এই আয়োজনে অরুণাভ লাহিড়ি রচিত বর্ণনা পাঠের সঙ্গে ছিল সম্মেলক ও একক কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশনা।

২৫ শে বৈশাখ মঙ্গলবার পালিত হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী।

অরুণাভ লাহিড়ীর রচনায় গীতিআলেখ্যটির সংগীত পরিচালনায় ছিলেন সেমন্তী মঞ্জরী।

রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার সদস্যরা শুরুতেই পরিবেশন করেন সম্মেলন গান ‘কোন আলোতে প্রাণের প্রদীপ’ ও ‘ভুলে যাই থেকে থেকে’; ‘বাউল অন্তপুরের গহন পারাবারে’ শীর্ষক রচনা পাঠ করেন গোলাম রব্বানী ও কৃষ্টি হেফাজ।

শ্রাবণী মজুমদার এরপর গেয়ে শোনান ‘আমি কান পেতে রই’, নাসরিন বাঁধন শোনান ‘হৃদয়ের একূল ওকূল দুকূল ভেসে যায়’। এরপর গোলাম রব্বানী ও কৃষ্টি হেফাজ পাঠ করেন ‘বাউল গান যার মধ্যে অন্যতম পরবর্তী গানটি’।

আবারো মঞ্চে আসে ঢাকা মহানগর শাখার সদস্যরা, তারা শোনান ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো’ গানটি। ‘বলে সে যাই যাই যাই গো’ শিরোনামের রচনা পাঠের পর কল্লোল সেনগুপ্ত শোনান ‘না চাহিলে যারে পাওয়া যায়’ গানটি। ‘বাউল সুরের সঙ্গে মিশেছে বিভাস রাগ’ রচনা পাঠ হল, এরপর মঞ্চে এলেন মানসী সাধু, তিনি শোনান ‘আমি তারেই খুঁজে বেড়াই’ গানটি। এরপর সুদীপ সরকার শোনান ‘ এই যে তোমার প্রেম ওগো হৃদয়হরণ’ গানটি।

এরপর গীতিআলেখ্যে পঠিত হয় ‘এই কথাটি ধরা রইল পরবর্তী গানে’, ‘যেন ঢেউয়ের দোলা আছে ঝরা গাছের লুটোপুটি’, ‘রাজা আর তোরা ঠিক করে দিবি?’, ‘বাঙালি মেতে উঠল তার আবেদনে’, ‘মাঠ ক্ষেত নদী অসামান্যভাবে মুখরিত হয়েছে’ রচনাগুলো।

একক গান পরিবেশন করেন মোস্তাফিজুর রহমান তূর্য, চিন্ময় ঘোষ, বিথী রহমান, নিলয় আকাশ, শওকী জাহান, হৃষিৎ মুখোপাধ্যায়সহ আরো অনেকে।

সম্মেলক পরিবেশনায় ঢাকা মহানগর শাখার সদস্যরা শোনান ‘আমার প্রাণের মানুষ আছে’, ‘গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘বাংলার মাটি, বাংলার ফল, বাংলার বায়ু, বাংলার ফল’ গানগুলো।

শেষে জাতীয় সংগীত পরিবেশনায় শেষ হয় আয়োজন।

‘বিশৃঙ্খল নগরীতে নতুন তত্ত্ব’

তরুণ চিত্রশিল্পী কুন্তল বাড়ৈয়ের আঁকা ১০০টি শিল্পকর্ম নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ‘ডিসপ্লেসড ইন ঢাকা’ শিরোনামে এক চিত্রকর্ম প্রদর্শনী।

শুক্রবার বিকালে আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম।

প্রদর্শনীতে মিক্সড মিডিয়া, প্রিন্ট, এক্রিলিককের শিল্পকর্ম ছাড়াও বেশকটি স্থাপনাশিল্পও হাজির করেছেন কুন্তল।

প্রদর্শনী নিয়ে কুন্তল বাড়ৈ বলেন, “শিল্পকর্মগুলো বিশৃঙ্খল শহরে চলমান বাস্তবতার কথা বলে। নাগরিক জীবনে কিছু হারানোর বেদনাকে ধারণ করে শিল্পকর্মগুলো। তবুও আমার বিশ্বাস, এই বিশৃঙ্খলার মধ্যেও কোথাও জীবনের একটা সমন্বয় বিরাজ করে যার ভেতর দিয়ে একটি নতুন তত্ত্ব হয়ত একদিন বের হয়ে আসবে।”

কুন্তলের একক প্রদর্শনীটি ১৯ মে পর্যন্ত চলবে। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা র্পযন্ত প্রর্দশনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ।

সুমনের চিত্রকলায় ‘বরেন্দ্র কাব্য’

বরেন্দ্র অঞ্চলের কৃষি নির্ভর সমাজ ও প্রকৃতির দৃশ্য আলেখ্য নিয়ে শিল্পী সুমন কুমার সরকারের আঁকা নানা ছবি নিয়ে  বিশ্ব সাহিত্য কেন্দ্রের চিত্রশালায় শুরু হয়েছে চিত্রকর্ম প্রদর্শনী ‘বরেন্দ্র কাব্য-২।’

শৈশব ও কৈশরের স্মৃতি বিজড়িত বরেন্দ্রভূমি সুমনের মনোভূমিতে বিস্তর জায়গা দখল করে আছে। তাই শিল্পী তার সংবেদনশীল অনুভূতি থেকে ছবির বিষয় বেছে নিয়েছেন বরেন্দ্র অঞ্চলের মাটি ও মানুষের সরল জীবনকাব্য।

প্রকৃতির ফর্ম একটুও না ভেঙ্গে জলরংয়ের শিল্পকর্মে শিল্পী বরেন্দ্র অঞ্চলের রুপকে সরলভাবে প্রকাশ করেছেন। বরেন্দ্র অঞ্চলের ভূপ্রকৃতি ও সাঁওতালদের জীবন যাপনের বর্ণিল স্মৃতিচারণ রয়েছে সুমনের চিত্রমালায়।

শুক্রবার বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।

এই প্রদর্শনীতে সুমনের ৩০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা সুমন কুমার সরকার  ইতোপূর্বে বরেন্দ্র অঞ্চলের বিষয় নির্ভর দুটি একক চিত্র প্রদর্শনীও করেছেন।

তরুণ চিত্রশিল্পী পদক ছাড়াও নবাব শামসুল হুদা চিত্রশিল্পী পুরস্কার, রাজশাহী চারুকলা বিভাগের ‘জয়নুল আবেদীন-২০১১’ পদক পেয়েছেনস সুমন।

সুমন জানিয়েছেন, ‘বরেন্দ্র কাব্য-২’ প্রদর্শনীটি ৪মে থেকে ১০ মে পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।