২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে বাস থেকে নামার সময় চাকায় পিষ্ট নারীর পা

রাজধানীর মালিবাগ মোড়ে চলন্ত বাস থেকে নামতে গিয়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়েছে এক নারীর ডান পা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 09:57 PM

Updated : 08 Apr 2022, 06:19 PM

আহত নীলুফার বেগম (৪৫) আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল)  ভর্তি আছেন।

তার ওই পায়ের কয়েকটা আঙুল কাটা হতে পারে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন নীলুফার ছেলে আশিকুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মা আদাবরে একটি দর্জির দোকানে সেলাইয়ের কাজ করেন। ব্যক্তিগত একটি কাজে শুক্রবার বিকালে তিনি মালিবাগে যান।

“৬ নম্বর বাস থেকে নামার সময় ওই বাসের চাকা মায়ের ডান পায়ের উপর দিয়ে চলে যায়।”

পথচারীরা নীলুফারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান।

ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

ঢাকার কারওয়ানবাজারে গত ৩ এপ্রিল দুই বাসের রেষারেষিতে পড়ে হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। ওই ঘটনায় তিনি মাথায়ও আঘাত পান। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ এপ্রিল রাতে মৃত্যু হয় ওই তরুণের।

রাজীবের ওই দুর্ঘটনা পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দেয়। এ নিয়ে আলোচনার মধ্যেই ১৭ এপ্রিল গোপালগঞ্জ সদর উপজেলায় হৃদয় মিনার নামের ৩০ বছর বয়সী এক বাসযাত্রীর হাত বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গা ঘেঁষে যাওয়া এক ট্রাকের চাপায়। 

এরপর সপ্তাহ না ঘুরতেই গত ২০ এপ্রিল রাতে বনানীতে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি বাসের চাপায় রোজিনা আক্তার নামের এক তরুণীর ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয় দিন পর রোজিনারও মৃত্যু হয়।