২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনকে উপভোগ করেছেন বেলাল চৌধুরী: আনিসুজ্জামান

তীক্ষ্ণ ধীশক্তি আর আধুনিক মনস্ক কবি বেলাল চৌধুরী জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করে গেছেন বলে মন্তব্য করেছেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 09:35 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত প্রয়াত কবির স্মরণসভায় এসে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “স্বভাবে লাজুক ছিলেন বেলাল। নিজেকে প্রকাশ করতেন কম, মাঝে মাঝে কথা বলতেন, তখন তার তীক্ষ্ণ ধীশক্তির প্রমাণ পাওয়া যেত। বেলালের মাঝে বরাবর এক ধরনের রোমান্টিকতা ছিল। কিন্তু সেটা যথাসম্ভব চেপে রেখে, আধুনিক মনস্কতার দিকে জোর দিয়েছিল।

“বেলাল চৌধুরী তার জীবনকে পরিপূর্ণরূপে উপভোগ করতে চেয়েছেন, আর তিনি তা পেরেছেন।”

অনুষ্ঠানে এসেছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

তিনি বলেন, “কবি বেলাল চৌধুরী শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষের কাছে ছিলেন ছায়ার মতো। আমরা বেলাল চৌধুরীর খুব অনুরক্ত ছিলাম। তিনি খুব সহজে মানুষকে আপন করে নিতে পারতেন। তিনি প্রায়ই আমাদের নাটকের মহড়ায় আসতেন, আড্ডা দিতেন।”

পরে তিনি বেলাল চৌধুরীর একটি কবিতা পাঠ করেন।

স্মরণসভায় ছিল গান ও আবৃত্তি।

এতে আরো এসেছিলেন শিল্পী হাশেম খান, কবি মুহম্মদ নুরুল হুদা, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি হাবীবুল্লাহ সিরাজী, শিহাব সরকার, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কবি রুবী রহমান, কবি কামাল চৌধুরী, কবি আসাদ মান্নান, আলোকচিত্রী নাসির আলী মামুন, বেলাল চৌধুরীর ভ্রাতৃষ্পুত্র রফিক উম মুনীর চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সামাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত।

কবি বেলাল চৌধুরী স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। এর পর শিল্পী ইফ্ফাত আর দেওয়ান গেয়ে শোনান রবীন্দ্রনাথের দুইটি গান ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ ও ‘মনে কী দ্বিধা রেখে গেলে চলে’। বাচিকশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় পাঠ করেন বেলাল চৌধুরীর কবিতা ‘মর্মে মর্মে স্বাধীনতা’। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন আনোয়ারা সৈয়দ হক।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা কবি বেলাল চৌধুরী গত ২৪ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।