বন্ধুর ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
ঢাকার কুড়িলে বন্ধুর ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় আশরাফুল আলম জিহাদ (১৮) নামে ওই তরুণ নিহন হন বলে পুলিশ জানায়।
নিহতের বাবা আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৬টার দিকে বন্ধু হৃদয়ের ফোন পেয়ে জিহাদ জোয়ার সাহারার বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরে তার কাছে খবর আসে কুড়িল চৌরাস্তার কাছে তার ছেলে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রার জিহাদকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দেখে বলেন, জিহাদ মারা গেছেন।
আলমগীর বলেন, “আমার ছেলে হৃদয়ের কাছে আড়াইশ টাকা পেত। এই টাকা নিয়ে কথাকাটাকাটি হয় তাদের মধ্যে। এরমধ্যেই হৃদয় তাকে ছুরিকাঘাত করে।”
ভাটারা থানার ওসি এস এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাউন্ডবক্সের ভাড়ার টাকা নিয়ে বন্ধু হৃদয়ের সাথে জিহাদের গণ্ডগোল। এ থেকে এই হত্যার ঘটনা ঘটে।”
হৃদয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
আগামী ৬ মে জিহাদের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে।
