২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা কারবারির গুলিতে তিন পুলিশ আহত

রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় ইয়াবার চালান ধরতে গিয়ে গোলাগুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2018, 07:38 PM

Updated : 11 Oct 2022, 12:17 PM

বৃহস্পতিবার বিকালে গেন্ডারিয়ার সাধনাগলিতে এ ঘটনায় এক ইয়াবা কারবারিও গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হয়েছেন। সেখান থেকে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।

গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন- গেন্ডারিয়া থানার এএসআই মোশাররফ হোসেন ও মহসীন আলী এবং কনস্টেবল বশির উদ্দিন। তাদের ওই এলাকায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে সাধনাগলিতে ইয়াবার একটি চালান আসার খবর আসে। তখন ওই দুই এএসআই দুইজন কনস্টেবল নিয়ে মটরসাইকেলে করে ঘটনাস্থলে যান।

“তারা পৌঁছানোর সাথে সাথে মাদক ব্যবসায়ীরা গুলিবর্ষণ করে। তখন পুলিশও পাল্টা গুলি করে।”

পুলিশের ওয়ারি জোনের সহকারী কমিশনার শামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইয়াবা কারবারিদের গুলিতে ওই দুই সহকারী উপ-পরিদর্শক এবং তাদের সঙ্গে থাকা কনস্টেবল বশির উদ্দিন আহত হন। তাদের হাত ও পায়ে গুলি লেগেছে।

এ সময় জুয়েল (১৯) নামে একজন মাদক ব্যবসায়ী পায়ে গুলিবিদ্ধ হয়। তার সঙ্গে সোনিয়া (২৭) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়।

এই পুলিশ কর্মকর্তা বলেন, “পুলিশকে লক্ষ করে যে মাদক ব্যবসায়ী গুলি করছে সে অস্ত্রসহ পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”