বৈশাখী উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলা বর্ষবরণ উৎসব ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।
শুক্রবার বিকালে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা পহেলা বৈশাখ নির্বিঘ্নে উদযাপন করতে চাই। তাই সারা দেশে উৎসবটি সুন্দরভাবে উদযাপনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল চেষ্টা চালিয়ে যাবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ষবরণে রমনা ও আশপাশের এলাকায় বহু মানুষের সমাগম ঘটে। এবার পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকছে। মঙ্গলশোভাযাত্রা ঘিরেও পর্যাপ্ত নিরাপত্তা থাকবে।
ইউনিফর্মধারী পুলিশ ও র্যাবের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, সোয়াট, পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াডের সদস্যরা দায়িত্ব পালন করবে বলে জানান মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, “যেহেতু পহেলা বৈশাখের পরের দিন শব-ই-মিরাজ। তাই পহেলা বৈশাখের পাশাপাশি শব-ই-মিরাজ উপলক্ষেও নিরাপত্তা জোরদার রাখা হবে।”
রমনায় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে শুক্রবার র্যাবের নিরাপত্তা মহড়া।
রমনায় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে শুক্রবার র্যাথবের নিরাপত্তা মহড়া।
স্বরাষ্ট্রমন্ত্রীর আগে সকালে রমনা বটমূলে বর্ষবরণ ঘিরে নিরাপত্তা দেখতে এসে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, সারা দেশে সম্ভাব্য সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড রোধে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রথমবারের মতো ইভটিজিংসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে র্যাবের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত থাকছে। সার্বিক নিরাপত্তার জন্য র্যাবের কন্ট্রোল রুম, সমাবেশস্থল ঘিরে পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল, ফুট পেট্রোল, অবজার্ভেশন পোস্ট ও চেক পোস্ট থাকবে।
হাতিরঝিলেও প্রথমবারের মতো র্যাবের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে জানিয়ে বেনজীর বলেন, হাতিরঝিল ও রমনা পার্ক এলাকায় হেলিকপ্টার ছাড়াও অন্যভাবে আকাশ থেকে মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
হাতিরঝিল লেক ও রমনা পার্কের লেকে র্যাবের ‘বোট পেট্রোলিং’ ও ‘ওয়াটার স্কুটারের’ মাধ্যমে নিরাপত্তা তদারকি করা হবে বলে জানান তিনি।
