পুরস্কারের জন্য প্রতিবেদন চেয়েছে প্রজ্ঞা
প্রতিবছরের মতো এবারেও ‘প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার-২০১৮’র জন্য প্রতিবেদন আহ্বান করা হয়েছে।
ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ও ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস’র সহায়তায় এই পুরস্কার প্রবর্তন হয় ২০১১ সালে।
টানা অষ্টমবারের মতো তামাকবিরোধী সংগঠন প্রগতির জন্য জ্ঞান ‘প্রজ্ঞা’ এই পুরস্কার দিতে যাচ্ছে।
প্রজ্ঞার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি বিভাগে তিনটি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে প্রিন্ট এবং অনলাইন বিভাগে ২টি (জাতীয় ও স্থানীয় সংবাদপত্র) এবং টেলিভিশন বিভাগে একটি।
পুরস্কার পেতে হলে গত বছরের ১ মে থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত যে কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন জমা দিতে হবে। টেলিভিশন প্রতিবেদনের ক্ষেত্রে প্রতিবেদন প্রচারের তারিখ অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের প্রত্যায়নপত্র জমা দিতে হবে।
একজন কেবল একটি বিভাগে প্রতিবেদন জমা দিতে পারবেন। একই বিষয়ে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদন একক প্রতিবেদন হিসেবে বিবেচিত হবে।
প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে প্রকাশিত প্রতিবেদনসহ এক কপি মূল পত্রিকা এবং টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনটির একটি সিডি/ডিভিডি জমা দিতে হবে। সংবাদ সংস্থা/অনলাইন সংবাদমাধ্যমে ক্ষেত্রে প্রতিবেদনটি সংশ্লিষ্ট সংস্থার প্রত্যায়িত হতে হবে।
বিজয়ীদের প্রত্যেককে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হবে।
আগ্রহী সাংবাদিকদের জীবন বৃত্তান্তসহ প্রজ্ঞা, বাড়ি-৬ (চতুর্থ তলা), মেইন রোড-৩, ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, ঢাকা-১২১৬ এই ঠিকানায় আগামী ১০ মে’র মধ্যে সরাসরি অথবা ডাকযোগে প্রতিবেদন পৌঁছাতে হবে।
