২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাট্যোৎসবকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান স্পিকারের

ঢাকা থেকে নাট্যোৎসবকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সাংস্কৃতিক কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 10:10 PM

Updated : 08 Apr 2022, 06:10 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা -২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, “নাটক ইতিহাসকে তুলে ধরে। নাটক সমাজের দর্পণ, প্রতিবাদের ভাষা।”

তিনি বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালী সংস্কৃতি জনগণের কাছে পৌঁছে দিতে নাটক একটি শক্তিশালী মাধ্যম। অধিকার প্রতিষ্ঠার আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে জনগণকে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করতে যুগে যুগে নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নাট্যোৎসবের উদ্বোধন করে তিনি বলেন, “সৈয়দ বদরুদ্দীন হোসাইন ছিলেন অসাম্প্রদায়িকতার প্রতীক। আজীবন তিনি প্রগতিশীল চেতনায় উদ্বুদ্ধ থেকে মুক্তিযুদ্ধের ধারক ও বাহক হিসেবে কাজ করে গেছেন। জাতির পিতার ঘনিষ্ঠ সহচর এ ভাষা সৈনিক নৈতিকতার প্রশ্নে ছিলেন অটল ও অকুতোভয়।”

পরে স্পিকার সেলিম আল দীন (মরণোত্তর) এবং সৈয়দ জামিল আহমেদকে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক পদাতিক সম্মাননা দেন।

অন্যদের মধ্যে বিশ্ব আইটিআই এর সভাপতি রামেন্দু মজুমদার ও অভিনেতা মামুনুর রশীদ অনুষ্ঠানে বক্তব্য দেন।