রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পক্ষে অ্যামনেস্টি
রোহিঙ্গা শরণার্থী সঙ্কটে বাংলাদেশের ভূমিকার পক্ষে অবস্থান নিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল; সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে ‘ইতিবাচক’ দৃষ্টিতে দেখছে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা।
ঢাকা সফররত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষেই আমাদের অবস্থান।”
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো সহিংসতার বিষয়ে মিয়ানমারের জবাবদিহিতা নিশ্চিতে অ্যামনেস্টি চাপ প্রয়োগ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা চার লাখের মত রোহিঙ্গা গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। আর গত ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে দমন অভিযান শুরুর পর আরও সোয়া ছয় লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গত বছরের ২৩ নভেম্বর সম্মতিপত্রে সই করে দুই দেশ।
তবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বাস্তব কোনো অগ্রগতি হচ্ছে না বলে সকালে সলিল শেঠির সঙ্গে বৈঠকে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সলিল শেঠি মনে করেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ প্রশংসার দাবিদার। কারণ বিশ্বের ধনী দেশগুলো যখন শরণার্থীদের আশ্রয় দিতে রাজি হচ্ছিল না, সে সময় বাংলাদেশই এগিয়ে এসেছে।
তিনি বলেন, বাংলাদেশের এই ভূমিকা অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ী এবং এটি ছিল ‘ইতিবাচক পদক্ষেপ’।
উপগ্রহ থেকে পাওয়া ছবি, ভিডিও থেকে মিয়ানমারে রোহিঙ্গা গ্রামগুলোতে সেনা অভিযানে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটির ভাষ্য, সেনাবাহিনী সেখানে নারী-পুরুষ ও শিশু হত্যা, নারী ধর্ষণ ও যৌন নির্যাতন, দেশত্যাগে বাধ্য করা এবং পরিকিল্পতভাবে গ্রামগুলো পুড়িয়ে দেওয়ার মত মানবতাবিরোধী অপরাধ করেছে।
রোহিঙ্গা সঙ্কট নিয়েই আলোচনা করতে গত মঙ্গলবার বাংলাদেশে আসেন অ্যামনেস্টির মহাসচিব। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়ে সেখানে নারী ও শিশুদের পাশাপাশি কর্মকর্তা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন।
এরপর বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেও রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সলিল শেঠি।
তিনি বলেন, “বিষয়টি থেকে বিশ্বের নজর কিছুটা হলেও সরে গেছে। আমাদের একটা বড় ধাক্কা দিতে হবে। এরই মধ্যে প্রচার শুরু হয়েছে। আমাদের এখন একটা ধাক্কা দিতে হবে।
বাংলাদেশ সরকার বিষয়টিকে আরো জোরালো করে তুলতে পারে বলে মনে করেন তিনি। কারণ বিষয়টি যখন বিশ্বের নজরে থাকবে এবং চাপ থাকবে, তখন বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সমর্থনও বাড়বে।
“শুধু ত্রাণ সহায়তার বিষয় না, এখানে আরো বেশি সমর্থন থাকা উচিত। যেমন বাণিজ্য বিষয়ে বাংলাদেশের পূর্ণ সমর্থন দরকার। কারণ রোহিঙ্গা সঙ্কটের কারণে এরই মধ্যে বাংলাদেশের জিডিপির এক শতাংশ ক্ষতি হয়েছে। আমি মনে করে এটা ছোট কোনো বিষয় নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সঙ্কটে এগিয়ে আসা উচিত।”
রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, সেখানে নারী ও শিশুদেরকে সহিংসতার বিষয়ে আলো বেশি সচেতন করতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরো বেশি উদ্যোগী হতে হবে।
“আমরা জানি বাংলাদেশ সরকারের জন্য কাজটা কঠিন, কিন্তু ক্যাম্পগুলোর অবস্থা বসবাস করার মতো নয়। এটি দুশ্চিন্তা বাড়াচ্ছে। সেখানে স্থানীয়দের সঙ্গে দ্বন্দ্বও রয়েছে।”
তবে জাতিসংঘের একটি কারিগরি দল সেখানকার পরিস্থিতি পযর্বেক্ষণে যাচ্ছে বলে জানান তিনি।
অ্যামনেস্টি কিভাবে মিয়ানমার সেনাবাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করবে- এমন প্রশ্নে সলিল শেঠি জানান, এক্ষত্রে আইনগত এবং প্রচারমূলক কর্মকাণ্ডের সুযোগ রয়েছে।
তিনি বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো বিভিন্ন পর্যায়ে সক্রিয় রয়েছে। এসব প্রতিষ্ঠান মিয়ানমারের জবাবদিহিতা নিশ্চিতে চাপ দিতে খুবেই সক্রিয় বলে তিনি জানান।
তিনি জানান, তারা তাদের ৭০ লাখ সদস্য, অধিকারকর্মী এবং সমর্থকের মাধ্যমে প্রভাবশালী দেশগুলোতে প্রচারাভিযান চালাচ্ছেন। তাদের সদস্যরা সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের ওপর চাপ সৃষ্টি করছে সঠিক পদক্ষেপ নিতে।
“সুতরাং শুধু আইনি পদক্ষেপই নয়, জনমত এবং প্রচারাভিযানও রয়েছে। এটা সাধারণ কোনো বিষয় নয়। এটি খুবই জটিল, কিন্তু আমরা এটি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছি।”
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পশ্চিমা শক্তি এবং চীন-রাশিয়া দুইটি বলয়ে বিভক্তির বিষয়েও তারা সজাগ বলে জানান সলিল শেঠি।
“এটা একটি সাধারণ বিষয়। কিন্তু আমরা নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে চাপ প্রয়োগে সক্ষম হয়েছি। এপ্রিলের শেষে প্রতিনিধি দল বাংলাদেশে আসতে পারে।
বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে কথা বলেন সলিল শেঠি।
তাদের বিবৃতিতে বলা হয়েছিল, “একাত্তরে স্বাধীনতার পক্ষের শক্তিগুলোও গুরুতর অপরাধ করেছিল। তবে তাদের কারও বিরুদ্ধে তদন্ত হয়নি বা কাউকে বিচারের আওতায় আনা হয়নি।”
ওই ভূমিকার কারণে অ্যামনেস্টির গ্রহণযোগ্যতা কতটুকু জানতে চাইলে সলিল শেঠি বলেন, তাদের কাজ হচ্ছে সত্যের সন্ধান করা।
“এটি নোবেল শান্তি পুরস্কার পাওয়া সংস্থা। যখন কোনো কোনো সরকার বিরোধীদলের ভূমিকায় থাকে তখন তারা অ্যামনেস্টিকে পছন্দ করে, যখন তারাই আবার ক্ষমতায় থাকে তখন অপছন্দ করে।”
রাজনৈতিক নেতারা যখন কারাগারে থাকে অ্যামনেস্টি তখন তাদের পক্ষে লড়াই করে বলেও জানান তিনি।
“আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। কোনো ধর্মীয় পরিচয় নেই। আমরা কোনো সরকার, কোম্পানির কাছ থেকে টাকা নিইনা। সব অর্থই আসে সমর্থকদের কাছ থেকে। তাই আমরা যে কোনো কথা বলার জন্য মুক্ত।”
মিয়ানমারের নেত্রী অং সান সুচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তার জন্য অ্যামনেস্টি ২০ বছর লড়েছে। তিনি ছিলেন ‘বন্দি বিবেক’। কিন্তু আজকে তিনি রোহিঙ্গা সংকটে নিশ্চুপ। তার মানে এই নয় যে আমরা এই বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে দেব।”
বাংরাদেশের প্রধানমন্ত্রী অ্যামনেস্টির কাজের প্রশংসা করেছেন জানিয়ে তিনি বলেন, “তারা দেখেছে অ্যামনেস্টি বিষয়টি নিয়ে স্বাধীনভাবে আন্তর্জাতিক অঙ্গনে লড়ছে। আমাদের বিশ্বসযোগ্যতার একটি মাত্রা রয়েছে।
“আমরা কোনো দ্বিধা ছাড়াই সত্যি কথা বলতে পারি। আমরা সরাসরি নিজস্ব গবেষকদের কাছ থেকে সত্যি তথ্য সংগ্রহ করি।”
তিনি বলেন, “আমরা রোহিঙ্গাদের বিষয়ে সরাসরি সমর্থন দিচ্ছি। কিন্তু তার মানে এই নেয় যে, আমরা বাংলাদেশে মানবাধিকার নিয়ে আমরা সজাগ নই। আমরা এ বিষয়ে পরে কথা বলব। কিন্তু এই মুহূর্তে নয়।”
সফরে তিনি বাংলাদেশ সরকারের কাছে একটি বার্তাই পৌঁছে দিতে চেয়েছেন, আর সেটি হলো, রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠানো হবে না, সে ব্যাপারে সরকার যেন সজাগ থাকে।
“রাখাইনে তারা (রোহিঙ্গা) অনেক নিষ্ঠুরতার শিকার হলেও তারা এখনো নিজেদের ঘরে ফিরতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে পরিস্থিতি নিরাপদ না হলে, নিজেদের ঘর ফেরত না পেলে, অন্যান্য নাগরিকের মতো সমান অধিকার না পেলে তারা কিভাবে ফিরবে?”
ভারতীয় নাগরিক সলিল শেঠি ২০১০ সালে অ্যামনেস্টির অষ্টম মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। দারিদ্র্য ও এবং বিচার প্রতিষ্ঠায় দীর্ঘদিন কাজ করেছেন তিনি।
