এইচএসসির প্রশ্নপত্র গ্রহণে অনিয়ম: ৭ কর্মকর্তাকে শোকজ
চলতি এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণের সময় কালো গ্লাস যুক্ত গাড়ি ব্যবহার, স্মার্টফোনে কথা বলা এবং স্মার্টফোন সঙ্গে রাখায় ঢাকার সাতটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল স্বাক্ষরিত পৃথক আদেশে এদের শোকজ করা হয়।
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও ডিআইবিএস পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০১৮ যথাযথভাবে অনুসরণ না করায় কেন এসব কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানাতে বলা হয়েছে।
আদেশে বলা হয়েছে, গত সোমবারের পরীক্ষার সময় মিরপুর কলেজ কেন্দ্র, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্র, কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহনের কাজে ঢাকা ট্রেজারিতে কালো গ্লাস যুক্ত গাড়ি ব্যবহার করেন।
আর বিসিআইসি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহনের কাজে ঢাকা ট্রেজারিতে কালো গ্লাস যুক্ত গাড়ি ব্যবহার করেন।
ফজলুল হক মহিলা কলেজ কেন্দ্রের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মঙ্গলবার প্রশ্নপত্র গ্রহণের কাজে ক্যামেরাযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখেন বলে আদেশে বলা হয়েছে।
অন্যদিকে সেন্ট্রাল ইউমেন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার সময় স্মার্টফোনে কথা বলেছেন জানিয়ে তাকেও শোকজ করা হয়েছে।
নিয়মানুযায়ী, কেবল কেন্দ্র সচিব জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য একটি সাধারণ মোবাইল (যে মোবাইলে ক্যামেরা নেই এবং স্মার্ট ফোন নয়) ব্যবহার করতে পারেন। এর বাইরে অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।
বাংলাদেশের দুই হাজার ৫৪১টি কেন্দ্রে গত সোমবার থেকে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, যাতে অংশ নিচ্ছেন ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী।
আগামী ১৩ মে পর্যন্ত চলবে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা। আর ১৪ থেকে ২৩ মে’র মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।
