২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মবার্ষিকীতে মোহাম্মদ হানিফকে স্মরণ

মোহাম্মদ হানিফের জন্মবার্ষিকীতে ঢাকার প্রথম নির্বাচিত মেয়রের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 12:37 AM

Updated : 11 Oct 2022, 12:15 PM

রোববার মোহাম্মদ হানিফের ৭৪তম জন্মদিন উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করে ডিএসসিসি।

দুপুরে নগর ভবনের ব্যাংক ফ্লোরে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বাবার স্মৃতিচারণ করেন ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন।

একুশে অগাস্ট গ্রেনেড হামলায় বাবার আহত হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “বোমা বিস্ফোরণের সময় আমি বাবার পাশেই ছিলাম। বিস্ফোরণে বাবার পুরো শরীর থেকে রক্ত ঝরতে থাকে। আমার দুই পায়েও স্প্লিন্টার ঢুকে যায়। আমি বাবাকে জড়িয়ে ধরলাম, বাবা তখন প্রায় পড়ে যাচ্ছিলেন।

“আমিও আহত হওয়ায় তাকে ধরে রাখতে পারছিলাম না। পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তায় বাবা ও আমি বারডেম হাসপাতালে ভর্তি হই।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা মোহাম্মদ হানিফ বোমা হামলার ক্ষত বয়ে নিয়ে বেঁচে ছিলেন দুই বছরের বেশি। ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তাঙ্গণে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন মোহাম্মদ হানিফ। এরপর ২৮ নভেম্বর ৬২ বছর বয়সে মারা যান তিনি।

মিলাদ মাহফিলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে আজিমপুর কবরস্থানে মোহাম্মদ হানিফের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সাঈদ খোকনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।