২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের পোশাকে কখনও নিজেকে নারী মনে হয় না: মাকসুদা লিমা

পুলিশিংয়ে সাহসিকতার জন্য পদক পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা বলেছেন, বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি, ইউনিফর্মে কখনও নিজেকে নারী ভাবেন না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 01:20 AM

Updated : 19 Aug 2022, 01:49 PM

সেই মানসিকতা থেকেই মুন্সীগঞ্জের অনেক চরে মারামারি চলাকালে নিজে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে লিমাসহ ২০ নারী পুলিশ সদস্যের হাতে বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড-২০১৮ তুলে দেওয়া হয়। সেখানেই নিজের সম্পর্কে এই কথা বলেন মুন্সীগঞ্জের শ্রীণগর সার্কেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা লিমা।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও  পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ছাড়াও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক পরাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মণি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন উপস্থিত ছিলেন।

আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, বর্তমানে পুলিশ বাহিনীতে ১১ হাজার ৭৬৭ জন নারী পুলিশ সদস্য আছে, যা মোট পুলিশের ৬ দশমিক ৬ শতাংশ। অচিরেই বাহিনীতে নারী পুলিশ সদস্যের হার ১০ শতাংশে উন্নীত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন,  “বাংলাদেশ পুলিশের মতো একটি চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশায়ও আমাদের নারী পুলিশ সদস্যরা কাঙ্ক্ষিত পেশাদারিত্ব প্রদর্শন করতে সক্ষম। তারা একদিকে যেমন জনগণের জানমালের নিরাপত্তা বিধান করছেন, অন্যদিকে জেলায় পুলিশ সুপার, থানায় ওসির দায়িত্বও পালন করছেন।

“নারী পুলিশ সদস্যরা ট্রাফিক সার্জেন্ট হিসেবে রাস্তায় যান চলাচল ব্যবস্থাপনার মতো কঠোর দায়িত্ব অত্যন্ত সুচারূভাবে নিষ্ঠার সাথে পালন করছেন।”

পুলিশে নারী নেতৃত্ব বিকাশে বিশেষ অবদান রাখায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস, সিআইডির বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রোমানা আক্তার, ডিএমপির গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা আফরোজ লাকী, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম পান লিডারশিপ অ্যাওয়ার্ড।

কর্মক্ষেত্রে সাহসিকতার জন্য ‘মেডেল অব কারেজ’ পেয়েছেন কুষ্টিয়া জেলার  অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা এবং বাগেরহাটের জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল মমতাজ খাতুন।

নাগরিক সেবা ও পুলিশিং আরও গতিশীল করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, বরিশাল জেলার (কোতয়ালী থানা) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহনাজ পারভীন, বগুড়া জেলার উপ-পরিদর্শক (এসআই) শামসুন্নাহার আক্তার, শরীয়তপুর জেলার পালং মডেল থানার এসআই রানু আক্তার, চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু সহায়ক ডেস্কের ইনচার্জ এসআই মোছা. ইসমাতারা।

জাতিসংঘ মিশনে বিশেষ অবদানের জন্য ‘পিস কিপিং মিশন’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ডিএমপির পুলিশ সুপার ফাতিমা ইয়াসমিন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীমা ইয়াসমীন।

‘এক্সিলেন্ট ইন সার্ভিস’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোছা. শামীমা আক্তার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং-২) মৌসুমী মণ্ডল, ডিএমপির ট্রাফিকের (উত্তর) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুন্নাহার, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার (পাসপোর্ট) মাকসুদা আকতার খানম এবং এপিবিএনের কনস্টেবল সোনিয়া আক্তার।

লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়া মাহমুদা আফরোজ লাকী বলেন, “অনেক সময় স্যাররা নারী বলে কাজটি করতে পারব কি না তা নিয়ে সন্দিহান থাকতেন, কিন্তু যখন কাজটি করতাম তখন স্যারদের সন্দেহ দূর হত।”