২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে পানির ট্যাংকে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

ঢাকার মিরপুর পল্লবীর এক বাসায় পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 10:09 AM

Updated : 19 Aug 2022, 01:49 PM

ওই বাড়ির মালিকের স্ত্রী হাসিন আরা খানম বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান।

বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ষাটোর্ধ্ব ওই নারীর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

তিন দিন আগে ওই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে এ নিয়ে দুই জনের মৃত্যু হল।

মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ আহাদুজ্জামান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর ডি ব্লকের ১৯ নম্বর রোডের ওই বাড়ির গ্যারেজে রিজার্ভ ট্যাংক পরিষ্কারের সময় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।

ঘটনার পরপরই ভবন মালিক ইয়াকুব আলী (৭০), তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), তাদের ভাড়াটিয়া ইয়াসমিন আক্তার (৩৫) এবং ইয়াসমিনের মেয়ে রুহি এবং হাসান (৩২) নামের এক শ্রমিককে হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা।

ওই বাড়ির চতুর্থ তলার এক বাসিন্দা জানান, ট্যাংকটি পরিষ্কার করার জন্য শ্রমিক হাসানকে আনা হয়েছিল। সে যখন ঢাকনা খুলে বৈদ্যুতিক বাতি দিয়ে ট্যাংকের ভেতরে দেখছিল, তখন বিদ্যুৎ চলে যায়।

পরে হাসান মোম জ্বালিয়ে ট্যাংকের ভেতরে উঁকি দিলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। ঢাকানা উড়ে গিয়ে আগুনের হলকা বেরিয়ে এলে ট্যাংক পরিষ্কারের কাজ দেখার জন্য সেখানে দাঁড়িয়ে থাকা অন্যরাও দগ্ধ হন।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টার দিকে মারা যায় তিন বছরের রুহি। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এখন হাসপাতালে থাকা তিনজনের মধ্যে হাসানের শরীর ৮৫ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পুরনো খবর:

মিরপুরে পানির ট্যাংকে বিস্ফোরণ, ৫ জন দগ্ধ