মায়ের অভিযোগ হত্যা, পুলিশ বলছে আত্মহত্যা
পাঁচ বছর আগে রাজধানীর রামপুরায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় মেয়েকে হত্যার অভিযোগে ভাবীসহ কয়েকজন নিকটাত্মীয়ের বিচার দাবি করেছেন তার মা।
তবে পুলিশ বলছে, দীর্ঘ তদন্তের পর তাদের মনে হয়েছে এটা ছিল আত্মহত্যা।
২০১২ সালের ২৪ ডিসেম্বর পশ্চিম রামপুরার বাসা থেকে সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেরুন নেছা আলোর (১০) লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা হলেও এক বছর পর আলোর মা হোসনে আরা বেগম ঢাকার সিএমএম কোর্টে হত্যা মামলা দায়ের করেন। বড় ভাইয়ের স্ত্রী সালমা আক্তারসহ কয়েকজন নিকটাত্মীয়কে আসামি করেন তিনি।
রামপুরা থানা পুলিশ, সিআইডি, ডিবির হাত ঘুরে এখন এই মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হোসনে আরা বলেন, “কোনো সংস্থাই আমার মেয়ের খুনিদের খুঁজে বের করতে পারেনি। আমি কি এই দেশে মেয়ে হত্যার বিচার পাব না?”
নিহত আলোর ভাই তৌহিদ বলেন, “ছোট মামা মাহমুদ তার ছেলে সজীবকে (ঘটনার সময় বয়স ছিল ১৯) দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মামাদের পরিবারে অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হওয়ার পর আরেক মামাতো ভাই রাহাত এই ঘটনা আমাদের কাছে প্রকাশ করেছে। আমরা পুলিশকে জানিয়েছি। কিন্তু ঘটনার কোনো কূলকিনারা হল না।”
সজীবের ভাই রাহাতও একই অভিযোগ করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল, তা এখনও আমাদের কাছে রহস্য। ঘটনার সময় আমার ভাই সজীবকে ফুফুদের বাসা থেকে বের হতে দেখেছি। বিষয়টি আমি একাধিকার বার পুলিশকে জানিয়েছে।”
সাক্ষ্য দিতে গিয়ে ঝামেলায় পড়ার কথা জানিয়ে তিনি বলেন, “পিবিআই কর্মকর্তারা আমাকে বলেছেন, তুমি এসব ঝামেলা থেকে সরে দাঁড়াও। না হয় তুমিও বিপদে পড়বে।”
এ বিষয়ে জানতে চাইলে এক সময় মামলার তদন্তের সঙ্গে যুক্ত পিবিআই কর্মকর্তা এএসপি মীনা মাহমুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে তদন্ত করার পর খুনের কোনো আলামত পাওয়া যায়নি। আমাদের মনে হয়েছে, এটি আত্মহত্যা।”
