২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের স্বীকৃতি জাতির জনকের ‘জন্মদিনের উপহার’

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্রকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের উপহার বলেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2018, 11:56 AM

Updated : 11 Oct 2022, 12:12 PM

পুরনো খবর:

উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র পেল বাংলাদেশ

শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ মিশনে যখন বাংলাদেশকে দেওয়া এই স্বীকৃতির চিঠি গ্রহণ করেন মাসুদ, তখন বাংলাদেশে জাতির জনকের জন্মদিন পালনের কর্মসূচি শুরু হয়ে গেছে।

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিপিডি) সেক্রেটারিয়েটের প্রধান রোলান্ড মোলেরাসের হাত থেকে চিঠি নিয়ে মাসুদ বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে সামনে এগিয়ে যাবার প্রেরণা দিয়েছেন, স্বপ্ন দেখিয়েছিলেন সোনার বাংলা রচনার।

“এটা বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়নের পথে অবিস্মরণীয় একটি ঘটনা। এ অর্জনের স্বীকৃতির দিনটিও কাকতালীয়ভাবে বাঙালি জাতির মহানায়কের জন্মদিনে পড়ল। আজ আমি গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করছি।”

অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রযাত্রার একটি ভিডিও দেখানো হয়, যা শুরু হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে।

রাষ্ট্রদূত মাসুদ বলেন, জাতির জনকের স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে সমগ্র বাঙালি জাতি আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

“আজ থেকে ঠিক ২৫ বছর আগে জাতিসংঘের এই মিশনে আমি সেকেন্ড কমিটির কর্মকর্তা হিসেবে স্বল্পোন্নত দেশের কার্যক্রমে জড়িত ছিলাম। বছরখানেক আগে এই মিশনের প্রধান হিসেবে যোগদানের পর জাতিসংঘে স্বল্পোন্নত রাষ্ট্রসমূহের যে সংস্থা রয়েছে, তার অধিকর্তার দায়িত্ব পালন করি।

“সেই পথ-পরিক্রমাতেই আজ আমরা সেই স্বল্পোন্নত রাষ্ট্রের তালিকা থেকে পদোন্নতি লাভ করার সুযোগ ঘটলো। আমার ব্যক্তি জীবনের মতো গোটা বাংলাদেশই আজ উন্নয়নের মহাসড়কে ধাবিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে।”

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের এই অর্জনকে স্মরণীয় করে রাখতে বড় ধরনের একটি সমাবেশ করার পরিকল্পনা রয়েছে তাদের, সেখানে জাতিসংঘের কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হবে।