স্থবিরতার ‘কৌশল’ নিয়েছে দুদক
দুর্নীতি দমন কমিশনের কাজে এখন যে স্থবিরতা দেখছেন অনেকে, তা কৌশল বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
তিনি বলেছেন, “অনেকে বলেন- দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে কিছুটা স্থবিরতা এসেছে। আমরা তাদের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ না করে বলছি, যুদ্ধে পশ্চাদপসরণ করা যেমন যুদ্ধক্ষেত্রের কৌশল, কখনও কখনও দুর্নীতিপরায়ণদের গতিবিধি সঠিকভাবে পর্যবেক্ষণ করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কমিশনকেও কৌশলগত কারণেই পশ্চাদপসরণ করতে হয়। এটি কৌশল মাত্র। আর কিছুই নয়।”
রোববার কমিশনের প্রধান কার্যালয়ে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের প্রতিনিধি সেগেই ক্যাপিনোসের নেতৃত্বে তিনজনের একটি দলের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন ইকবাল মাহমুদ।
দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে কমিশন বদ্ধপরিকর বলেও দাবি করেন তিনি।
“আমাদের পরবর্তী প্রজন্মের সোনালি ভবিষ্যৎ বিনির্মাণে কাউকেই ছাড় দেওয়া হবে না। দুর্নীতি করে যারা অর্থ-বিত্তের মালিক হচ্ছেন বা হয়েছেন প্রত্যেককেই আজ অথবা কাল আইনের আওতায় আসতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া যা ক্রমাগত চলতে থাকবেই।”
সভায় দুর্নীতি দমন, প্রতিরোধ ও উত্তম চর্চার বিকাশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুদক চেয়ারম্যান নিজেদের জবাবদিহির জায়গাটিও প্রতিনিধি দলটিকে স্পষ্ট করেন।
ইকবাল মাহমুদ (ফাইল ছবি)
তিনি বলেন, যদিও দুর্নীতি দমন কমিশনের প্রতিটি কার্যক্রমই আইনানুগ প্রক্রিয়ায় চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে এবং পাশাপাশি কমিশনের সব কার্যক্রম বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়। এই বার্ষিক প্রতিবেদন নিয়ে জাতীয় সংসদে আলোচনায় আইনি সুযোগ রয়েছে।
টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা-এসডিজি বাস্তবায়নে সুশাসন, জবাবদিহিমূলক আমলাতন্ত্র, মানসম্পন্ন শিক্ষা এবং দুর্নীতিপরায়ণদের কঠোর শাস্তি নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।
উত্তম চর্চার বিকাশে প্রায় ২৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠান সততা সংঘ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি।
সের্গেই ক্যাপিনোস বলেন, দুর্নীতি পৃথিবীর সর্বত্রই রয়েছে, তবে পার্থক্য রয়েছে এর মাত্রা এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে।
বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের প্রতিরোধমূলক কাজের প্রশংসা করেন তিনি।
বাংলাদেশে ইউএওডিসির কার্যালয় স্থাপনের লক্ষ্য সম্পর্কে ক্যাপিনোস বলেন, দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থার বিষয়টি বেগবান করার জন্য এদেশে কান্ট্রি অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
