‘দুদকে অভিযোগ দিন, আপনার কোনো ক্ষতি হবে না’
ঘুষখোরদের হাত থেকে ব্যবসায়ীদেরকে রক্ষার আশ্বাস দিয়ে নির্ভয়ে তাদেরকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিতে বলেছেন দুর্নীতিবিরোধী সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
ঘুষখোরদের বিরুদ্ধে অভিযোগ জানালে ব্যবসায়ীদের কাজের কোনো ক্ষতিও হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।
বুধবার দুদক প্রধান কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষসহ ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিয়ময় সভায় তিনি এ কথা বলেন।
ব্যবসায়ীরা বাধ্য হয়ে ঘুষ দেন, মতবিনিময়ে এক বক্তার এমন কথার জবাবে ইকবাল মাহমুদ বলেন, “টিআই গতবছরের প্রেজেন্টেশনে বলেছিল- মানুষ বাধ্য হয়ে ঘুষ দেয়। আমি একটা কথা বলেছিলাম- ঘুষদাতা ও গ্রহীতা উভয়কে ধরা হবে। তখন টিআই বলেছিল মানুষ বাধ্য হয়ে ঘুষ দিলে তাকে ধরবেন কেন ? হ্যাঁ, বাধ্য হয়ে ঘুষ দিলে ধরি না।”
ব্যবসায়ীদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, “আমরা চাই, যদি কেউ ঘুষ চায় তাহলে আপনারা আমাদের কাছে আসুন। আপনার কাজের কোনো ক্ষতি হবে না, আপনার কাজ ওইদিনই করা হবে এবং ঘুষখোরকেও ধরা হবে।”
২০১৭ সালে ঘুষের অর্থসহ হাতেনাতে ২৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়ে তিনি বলেন, “আপনাদের এগিয়ে আসতে হবে। আপনারা যদি ভয় পান যে, যদি ঘুষখোরকে ধরিয়ে দেই তাহলে আমার কাজ চিরদিনের জন্য হয়ত বন্ধ হয়ে যাবে- কিন্তু আমি বলছি, আপনার কাজ চিরদিনের জন্য স্বাভাবিক হয়ে যাবে। আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, আপনারা স্বচ্ছ মনে ব্যবসা করবেন।”
ইকবাল মাহমুদ আরো বলেন, “আমরা একমত নই যে ব্যবসায়ীরা দুর্নীতিগ্রস্ত। ব্যাক টু ব্যাক এলসি, ওভার ইন ভয়েস ও আন্ডার ইন ভয়েসের মাধ্যমে যে দুর্নীতি হয় সে বিষয়ে আমাদের উদ্বেগ।
“আমরা চাই আপনারা স্বচ্ছভাবে ব্যবসা করেন। ঋণ নেবেন সেটা আমাদের বিষয় নয়। আমরাও চাই ব্যবসার প্রয়োজনে ঋণ নেন। কিন্তু সমস্যা হচ্ছে অনেক সময় ঋণ নেওয়ার সময় ভুয়া কাগজপত্র দেওয়া হয়। তাই আমরা বলতে চাই, যথাযথ কাগজপত্র দিয়ে ঋণ নেবেন। আপনরা যখন গ্যারান্টি দেবেন তা যেন সত্যিকারের গ্যারান্টি হয় ।”
মতবিনিময় সভায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, “বিনিয়োগের জন্য দুর্নীতিকে মিনিমাইজ করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশকে অনেক দূর যেতে হবে। কারণ প্রতিযোগিতায় আমরা অনেক পিছিয়ে আছি।”
তিনি বলেন, “আমরা অত্যন্ত আশাবাদী দুর্নীতির বিরুদ্ধে অভিষ্ট লক্ষ্যে দ্রুত পৌঁছাতে পারব। দুর্নীতি সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলে আমরা সবাই জানি। একটি গণতান্তিক দেশে আমরা চাইব সবার জন্য সমান সুযোগ থাকাটা জরুরি। এজন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দরকার।
“ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে নিয়মনীতি পালন করে যাতে যেকোনো ব্যক্তি সুযোগ নিতে পারে, অন্যকিছু যাতে বাধাগ্রস্ত করতে না পারে, যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় সেটা আমরা চাই।”
সভায় অন্যদের ডিসিসিআই পরিচালক সেলিম আক্তার খান, বাংলাদেশ ও মালয়েশিয়া চেম্বারের প্রতিনিধি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এফবিসিসিআই পরিচালক হাসিনা নেওয়াজ, এমসিসিআই মহাসচিব ফারুক আহমেদ বক্তব্য দেন।
