২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝ ফাগুনেই ঝড়-বৃষ্টি

মাঝ ফাগুনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 01:09 AM

Updated : 08 Apr 2022, 05:58 PM

সোমবার ভোরে ঢাকায় একদফা  ঝড়ের দাপট বয়ে যায়। রাতে আরেকদফা ঝড়ো হাওয়াসহ বজ্রঝড় হয়েছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেব্রুয়ারির শেষ সময়ে এসে হঠাৎ করে যে কোনো এলাকায় ঝড়ো হাওয়া সৃষ্টি হয়। এটা স্বাভাবিক আবহাওয়া। মার্চ-এপ্রিল পর্যন্ত কালবোশেখির প্রবণতা থাকবে।”

দমকল বাহিনী নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ঝড়ের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটে। খিলগাঁও তিলপাপাড়া, কেন্দ্রীয় কারাগারের সামনে বিদ্যুতের খুঁটিতে আগুনও ধরে যায়।

আবহাওয়াবিদ আরিফ জানান, সোমবার দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হয়েছে। আরও কয়েকদিন দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২ দিন শিলা বৃষ্টিসহ বজ্রঝড় থাকতে পারে।

এসময় রাজধানীতে ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ ও যশোরে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বজ্রসহ বৃষ্টিপাত কমে আসার পর তাপমাত্রাও ধীরে ধীরে বাড়বে বলে জানান এ আবহাওয়াবিদ।

গরম আর কালবোশেখি আসছে

দীর্ঘমেয়াদী (তিন মাসের) পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, মার্চ মাসের দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১-২ দিন মাঝারি/তীব্র কালবোশেখি/বজ্র-ঝড় ও দেশের অন্যত্র ২-৩ দিন হালকা/ মাঝারি কালবোশেখি বজ্র-ঝড় হতে পারে।

এসময় দিনের তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে ৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চালে তাপমাত্রা উঠবে আরও বেশি, ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

এপ্রিল মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এসময় দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন বজ্রসহ মাঝারি/তীব্র কালবোশেখি/বজ্র-ঝড় ও দেশের অন্যত্র ৪-৫ দিন হাল্কা/মাঝারি কালবোশেখি/ বজ্রঝড় হতে পারে।

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপ প্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং অন্যত্র ১-২ টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস)/মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াসের) তাপ প্রবাহ বয়ে যেতে পারে।