‘জ্বালানিতে নবায়নযোগ্য শক্তিতেই জোর বিশ্বজুড়ে’
সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নবায়নযোগ্য শক্তিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “সারা বিশ্বের ট্রেন্ড হচ্ছে রিনিউয়েবল এনার্জি। বাংলাদেশকেও সেদিকে যেতে হবে।
“সোলার এনার্জির দাম এক সময় প্রচলিত এনার্জির চেয়ে তিনগুণ বেশি হলেও এখন কমে সমান হয়েছে। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে সেটা আরো কমিয়ে আনা সম্ভব।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট ও বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটির যৌথ আয়োজনে তিন দিনব্যাপী অষ্টাদশ জাতীয় নবায়নযোগ্য শক্তি সম্মেলন ও গ্রিন এক্সপো’র তৃতীয় দিনের অনুষ্ঠানে বক্তব্য দেন সালমান।
তিনি বলেন, “বিশ্বের উন্নত দেশগুলো সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসাবে নবায়নযোগ্য জ্বালানিকে বেছে নিচ্ছে। বাংলাদেশকেও খনিজ জ্বালানির বিকল্প হিসাবে সৌর শক্তিকে গ্রহণ করতে হবে।”
সালমান বলেন, “আমাদের বিদেশি বন্ধুরা আমাদের অর্থনীতির পেছনে র্যাডিক্যাল সাকসেসের কারণ জানতে চায়। এর প্রধান কারণ হচ্ছে, বিদ্যুৎ খাতের দ্রুত উন্নতি। প্রধানমন্ত্রী নয় বছর আগে ক্ষমতা গ্রহণের পর নিজে উদ্যোগী হয়ে স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন।
“যার ফলশ্রুতিতে ৩ হাজার মেগাওয়াট থেকে ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে বিদ্যুৎ উৎপাদন।”
কৃষিখাতের অভূতপূর্ব উন্নতি এবং জনসংখ্যার নিয়ন্ত্রণ বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য মাহজাবীন খালেদ বলেন, “বিদ্যুৎ সেক্টরের উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কাজ। সরকার এখন বিশেষ করে সোলার এনার্জির দিকে নজর দিয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে এমপিদের জন্য টিআর কাবিখার অর্ধেক ব্যয় হচ্ছে সোলার এনার্জি বিতরণে। আমি নিজে এক হাজার সোলার প্যানেল দিয়েছি।”
২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুতের যে পরিকল্পনা সোলার এনার্জির মাধ্যমে ২০১৮ সালেই সেটা বাস্তবায়ন হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু বলেন, “সরকারের সোলার এনার্জি প্ল্যান্ট প্রকল্প খুব ধীরে বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পের ব্যয় বেশি হলেও এর পরিবেশগত সুফল অনেক বেশি। তাই সোলার প্রকল্প বাস্তবায়নে সরকারের উপর চাপ দিতে হবে।
“সরকার ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা নিয়েছে তার ১০ হাজার মেগাওয়াট হতে হবে সোলার প্যানল থেকে।”
শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
