শিশু চত্বরের অবস্থা নিয়ে অসন্তোষ
ধুলো নিবারণে ছিটানো পানিতে থকথকে কাদা, কোথাও সরে যাওয়া ইটে হোঁচট খেয়ে পড়ছে শিশু- অমর একুশে বইমেলার শিশু চত্বরের এই হালে অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা।
‘গ্রন্থমেলার শিশু চত্বরটিকে নানন্দিক করে তোলা হবে’ মেলা শুরুর আগে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি এ ঘোষণা দিলেও মেলার দশম দিন শনিবার দেখা গেছে ওই চিত্র।
“এটা কি আমাদের চত্বর? এটা এমন বিশ্রী কেন? এখানে কার্পেট নেই কেন? এখানে আমরা কোথায় খেলব? ,” বেহাল শিশু চত্বর ঘুরে এ প্রশ্নের উত্তর খুঁজছিল দুই খুদে পাঠক সহোদরা তাজরিয়ান ও আরিয়ান।
উত্তরা থেকে আসা খুদে পাঠক তেীফিক মাহমুদ সিসিমপুরের ইকরি-মিকরিদের সঙ্গে খেলতে গিয়ে ছুটে বেড়াচ্ছিল শিশু চত্বরে। আদিগন্ত প্রকাশনীর সামনে এসে পড়ে যায় ইটে হোঁচট খেয়ে।
তার অভিভাবক আজরা মাহমুদ রেগে গিয়ে বলেন, “শিশুদের চত্বরে কার্পেটিং করা যেতে পারত। এখানে ইট আছে তো ওখানে নেই। শিশুদের জন্য শিক্ষণীয় কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এত বছর ধরে মেলা করে বাংলা একাডেমি। তাদের তো অভিজ্ঞতার কমতি হওয়ার কথা নয়।”
সোহরাওয়ার্দী উদ্যানের এক কোণে তাদের স্থান না দিয়ে মেলায় প্রবেশের মুখে বা বাংলা একাডেমিতে স্থানান্তর করা গেলে ‘ভালো হত’ বলেও মন্তব্য করেছেন তারা।
প্রগতি পাবলিশার্সের মালিক আশরার মাসুদ বলেন, “মেলায় এই শিশু চত্বরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে প্রজন্মকে বইমুখী করে তুলতে এই বইমেলার আয়োজন, সেই বইমেলায় শিশুদের চত্বরটিকে একেবারেই অবহেলা করছে মেলা পরিচালনা কমিটি। রমনা মন্দিরের এক কোণে স্থান দেওয়ায় বই বিক্রি কিন্তু সেভাবে হচ্ছে না।”
মাহি প্রকাশনের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, “শিশু চত্বরটিকে ভেতরে ঠাঁই দেওয়ায় এখানে আসতে চান না অভিভাবকরা। তারা বড়দের স্টলে ঘুরে বেড়ান। সেখান থেকে শিশু-কিশোরদের যে বইগুলো এসেছে, সেখান থেকেই তারা ছেলে-মেয়েদের বই কিনে দিচ্ছেন। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।”
টোনাটুনির ব্যবস্থাপক সাঈদুল ইসলাম স্বপন বলেন, “মেলায় প্রবেশপথের আশপাশে শিশু চত্বরটি হলে আরও অনেক পাঠকের চোখে পড়ত।”
আদিগন্ত প্রকাশনের স্বত্বাধিকারী সুবর্ণা রায়হান বলেন, “মেলার এই শিশু চত্বর ঘিরে বাংলা একাডেমিরও কোনো পরিকল্পনা নেই। শিশু চত্বরে সিসিমপুরকেই প্রাধান্য দেওয়া হয়েছে। বলা হয়েছিল, বাহারি জাতের ফুলের গাছে সাজানো হবে শিশু চত্বর, নান্দনিকতায় কোনো ত্রুটি রাখা হবে না। কোথায় কী? নিজেরা এনে ইট বিছিয়েছি। প্রতিবার এমন হচ্ছে- এ নিয়ে বারবার কথা বললেও কোনো লাভ হচ্ছে না। “
ঢাকা কমিকসের ব্যবস্থাপক শাহ আলম হতাশা প্রকাশ করে বলেন, “প্রতিবারই তো এমন অভিযোগ থাকে আমাদের। কিন্তু কারও কোনো মাথাব্যথা নেই। নিরাপদের ব্যর্থতার পর আবারও দ্বিতীয়বার তাদের সুযোগ দেওয়া হল। কী বলব?”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব নিয়ে কথা বলতে বলতে মুখ ব্যথা করে ফেলেছি। বাংলা একাডেমি কর্তৃপক্ষ স্টল বরাদ্দ ও স্টলের ফি বাড়ানোর সময় আমাদের ডাকবে। নান্দনিকতার দিকটি নিয়ে ওরা ভালো বুঝে, আমরা কম বুঝি। কী বলব আর!”
আগামী প্রকাশনীর ওসমান গণি বলেন, “শিশু চত্বরের গুরুত্ব ওদের কে বোঝাবে? মেলায় কোথায় কোন স্টল বসবে, এ নিয়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষের কোনো ধারণা নেই। খেয়াল খুশিমতো মেলা পরিচালনা করছেন তারা। “
এ বিষয়ে কথা বলতে গেলে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ কোনো মন্তব্য না করে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিরাপদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
প্রকাশকদের অভিযোগ বিষয়ে জানতে চাইলে নিরাপদের কর্ণধার ইলিয়াস কাঞ্চন বলেন, “আমি এসব বিষয়ে কিছু জানি না। আমার লোকজন মেলায় যথেষ্ট ভালো কাজ করছে।”
রবি গুহ, মুনীর চৌধুরী, সরদার ফজলুল করিমকে স্মরণ
শনিবার বিকাল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে বামপন্থি রাজনীতিক রবি গুহ, লেখক-অধ্যাপক মুনীর চৌধুরী, গবেষক-দার্শনিক সরদার ফজলুল করিমকে স্মরণ করেন সংস্কৃতিজনরা।
আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মফিদুল হক ও অধ্যাপক এম এম আকাশ। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক বেগম আকতার কামাল, অজয় দাশগুপ্ত, পিয়াস মজিদ ও অলকানন্দা গুহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সন্জীদা খাতুন।
প্রবন্ধ উপস্থাপন করে মফিদুল হক বলেন, “বাংলার ইতিহাসে ১৯৪৫ থেকে ১৯৫০ কালপর্বে যে তীব্র আলোড়ন, আকুল স্বপ্ন ও সেই সাথে স্বপ্নভঙ্গের যে সময়টি আমরা দেখি সেই সময়ের তিন ব্যক্তিত্ব রবি গুহ, সরদার ফজলুল করিম ও মুনীর চৌধুরী। তাদের জীবন, কর্ম ও চিন্তায় আমরা দেখি অসাধারণ সাযুজ্য। মুনীর চৌধুরী তার সৃষ্টিশীলতা নিয়ে নিরন্তর অবদান রেখে গেছেন বাঙালি মানস পরিপুষ্ট করে তোলার জাতীয় কর্ম সম্পাদনে।
“অন্যদিকে দেশভাগের পর বাংলাদেশ ত্যাগ করে রবি গুহ পশ্চিমবাংলার ভিন্নতর পরিবেশে ভিন্নভাবে সক্রিয় হয়েছেন উদ্বাস্তুদের জীবনে শিক্ষা ও বাঁচার অধিকার নিশ্চিত করতে।”
‘প্রাণের মানুষ আছে প্রাণে’ শিরোনামে প্রবন্ধে এম এম আকাশ বলেন, “সরদার ফজলুল করিম বিশ্বাস করতেন, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া। আর এ বিপ্লবের ধারাবাহিকতাতেই বাংলাদেশ স্বাধীন হয়েছে।
“মহান মানবতাবাদী এই জ্ঞানতাপস বিশ্ব সমাজতান্ত্রিক ব্যবস্থার ভাঙনের পরও সাম্যবাদের পক্ষে ইতিবাচক ও আশাবাদী ধারণা পোষণ করতেন এবং তরুণ সমাজতান্ত্রিকদের উৎসাহ দিতেন।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক সন্জীদা খাতুন বলেন, “আজ আমাদের দ্বিধাবিভক্ত সমাজে মানবিকতার বোধ জাগ্রত করা একান্ত প্রয়োজন। রবি গুহ, মুনীর চৌধুরী ও সরদার ফজলুল করিম ছিলেন উচ্চতর মানবিক বোধ সম্পন্ন মানুষ। তাদের জীবনাদর্শ আমাদের সামনে চলার প্রেরণা হয়ে থাকবে।”
মেলায় নতুন বই
বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ জানিয়েছে, মেলার দশম দিনে নতুন বই এসেছে ২২৫টি। গল্প -৪১টি, উপন্যাস-৪৫টি, প্রবন্ধ-১৩টি, কবিতা- ৪৯টি, গবেষণা-৪টি, ছড়া- ৪টি, শিশুসাহিত্য- ১১টি, জীবনী- ৭টি, রচনাবলী- ৩টি, মুক্তিযুদ্ধ-৭টি, বিজ্ঞান-৪টি, ভ্রমণ-৫টি, ইতিহাস ৫টি, রম্য/ধাঁধা-১টি, অনুবাদ-৩টি, সায়েন্স ফিকশন-৩টি, অন্যান্য বিষয়ে ২০টি নতুন বই এসেছে।
অমর একুশে উদযাপনের অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ৯টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা। পরে সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
