২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শকদের থেকে টাকা আয় করতে চান টিভি মালিকরা

বিজ্ঞাপনের উপর নির্ভরতা কমিয়ে দর্শকদের থেকে কীভাবে আয় করা যায় সেই পথ খুঁজছেন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের মালিকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 08:53 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর প্রতিনিধিরা মঙ্গলবার সচিবালয়ে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাদের এই ভাবনা তুলে ধরেন।

বৈঠকের পর একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু সাংবাদিকদের বলেন, “অ্যাডনির্ভর না হয়ে কীভাবে সাবস্ক্রিপশন বেইজড, এক টাকা করেও যদি সাবস্ক্রাইবারের কাছ থেকে, ভিনদেশি টিভিগুলো নিয়ে যাচ্ছে অনেক টাকা, আমরা কীভাবে নিতে পারি সে ব্যাপারে আলোচনা করেছি।

“আমাদের ড্রিস্টিবিউশন কীভাবে ডিজিটাইজড করা যায়, যাতে করে অ্যাড্রেসেবল সিস্টেম হয় এবং টাকা রিকভার করা যায় এবং একইসঙ্গে যাতে দর্শকের উপর প্রেসার না পড়ে তা নিয়েও আমরা আলাপ করেছি।”

বাবু জানান, কেবল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বিটিভিকে সামনে রেখে প্রতিষ্ঠার ক্রম অনুযায়ী অন্যগুলোকে সাজানো বিষয়ে যে সিদ্ধান্ত আছে সেটা কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

“বিভিন্ন কারণে রেভিনিউ গোয়িং ডাউন, রেভিনিউ নিচের দিকে যাওয়ার কারণে আমাদের ইনক্রিমেন্ট এবং অন্যান্য অনেক কিছুই বাধাগ্রস্ত হচ্ছে।”

মোজাম্মেল বাবু বলেন, “বাংলাদেশের টেলিভিশনগুলো সব কয়টাই এক দাগে আমরা নিঃসন্দেহে বলতে পারি মুক্তিযুদ্ধের পক্ষে, মানবতাবিরোধীদের বিপক্ষে, যে কোনো ধ্বংসযজ্ঞের বিপক্ষে। সুতরাং সরকারের মূল চাওয়ার সাথে আমাদের কোনো বিরোধ নাই। সামনে নির্বাচন এটা অংশগ্রহণমূলক ও স্বচ্ছ হতে টেলিভিশনগুলো ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”

প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- সেই প্রশ্নে একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক বলেন, “প্রথমত আমরা এই বিষয়ে একমত যে, একটা ডিজিটাল আইন প্রয়োজন।

“আমি এবং আপনি যে কেউ একটা প্রপাগান্ডার শিকার হতে পারি। এই জিনিসটা মাথায় রেখে অপব্যবহার রোধে, আইনের পক্ষ বিপক্ষ দুই দিক থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি সাংবাদিকদের দমন করার কোনো উদ্দেশ আছে।

“এই আইনে যে জায়গাগুলোতে দুর্বলতা অথবা আমরা আক্রান্ত হতে পারি বলে মনে হয় আমরা লিখিত আকারে তা তথ্যমন্ত্রীকে দেব।”

অ্যাটকোর সভাপতি সালমান এফ রহমান বলেন, “তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে আমাদের সমস্যা নিয়ে কথা বলেছি, উনারা বলেছেন যে সমস্যাগুলো উনারা দেখবেন কীভাবে সমাধান করা যায়।”

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় সামনে রেখে টেলিভিশন মালিকদের সরকার কোনো নির্দেশনা দিয়েছে কি না- এই প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

তিনি বলেন, “সরকার গণমাধ্যমের সুষ্ঠু বিকাশ চান। এই সুষ্ঠু বিকাশের পথে যদি কোনো প্রতিবন্ধকতা আসে তা তারা আইনগতভাবে ও প্রাতিষ্ঠানিকভাবে দূর করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দূর বলে আমাদেরকে বলেছেন।

“পেশাগত বিষয়ে আমাদের কোনো বাধা আসেনি। আমরা মনে করি বাধা দেওয়ার কোনো কারণও নেই। টেলিভিশনগুলো তাদের নিজস্ব পলিসি অনুযায়ী স্বাধীন ও মুক্তভাবে কাজ করতে পারছে।”

ইকবাল সোবহান বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যহার যদি হয়, আমাদের মিডিয়ার উপর আঘাত আসে তবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সেগুলো দূর করতে পদক্ষেপ গ্রহণ করব।”

টেলিভিশন চ্যানেলগুলোর কিছু প্রযুক্তিগত, বৈষয়িক ও আইনগত সমস্যা রয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “দেশীয় চ্যানেলগুলো বিদেশি চ্যানেলের আগে প্রদর্শিত হবে- সেই ব্যাপারটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আইনের ভেতরেই আছে, এটা যাতে যথাযথ বাস্তবায়ন হয় সেটা আমরা দেখব।

“বাকিগুলো খোলামেলা আলোচনা করেছি, সবই আলোচনা সাপেক্ষে সমাধানযোগ্য। আমরা মনে করেছি, টেলিভিশন চ্যানেলগুলো যাতে তাদের গড় ব্যয়টা কমাতে পারে। ব্যয় কীভাবে কমাবে সেজন্য কিছু প্রযুক্তিগত সমাধান আছে। আয় কীভাবে বাড়বে, সেই বিষয়ে তাদের কিছু প্রস্তাব আছে।”

ইনু বলেন, “অ্যাটকো প্রস্তাবের ব্যাখ্যাসহ লিখিত আকারে আমাদের কাছে দেবে। মন্ত্রণালয় এটা পরীক্ষা-নিরীক্ষা করে উপর্যুপরি আলোচনার মধ্য দিয়ে আয় বৃদ্ধি ও ব্যয় কমানোর বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে সহযোগিতা করব।

“দেশপ্রেম বুকে নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দেশজ সংস্কৃতিকে লালন ও বিকাশ করবেন। কারণ দেশজ সংস্কৃতিকে লালন ও বিকাশে ঐতিহাসিক দায়িত্বটা শুধু সরকারের একার নয়, এটা গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

ইনু বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যদি কারও কিছু উদ্বেগজনক মনে হয়, পরিমার্জন করার প্রয়োজন হয় তবে এ বিষয়ে আপনারা লিখিতভাবে প্রস্তাব দিলে তা নিয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সাহায্য করব আইনটি চূড়ান্ত করার সময় প্রস্তাবগুলো বিবেচনায় রাখতে।”

তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মোশাররফ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, দেশ টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, বাংলাভিশনের পরিচালক মো. আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।