২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্যমী তারুণ্যে মুগ্ধ জাপানি পর্যটক দল

বাংলাদেশের উদ্যমী তরুণদের দেখে আকৃষ্ট হয়ে তাদের নিজ নিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন জাপান থেকে আসা একদল পর্যটক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 12:39 AM

Updated : 11 Oct 2022, 12:05 PM

সোমবার রাতে গুলশানের একটি হোটেলে বাংলাদেশ ঘুরে দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে এই আগ্রহের কথা জানান তারা।

বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে ষাটোর্ধ্ব কেইকো আইওয়াসিতা বলেন, বাংলাদেশের তরুণদের উজ্জ্বল স্বম্ভাবনাময় চোখ তাকে আকৃষ্ট করেছে।

“এদেশে অনেক কর্মক্ষম লোকজন রয়েছে। তাদের জাপানের ভাষা শিখিয়ে জাপানে নিয়ে যাওয়া সম্ভব হলে দুই দেশেই লাভবান হবে। দুই দেশের সরকার এখানে ভূমিকা রাখতে পারে।”

দুই বছর আগের গুলশান হামলায় সাত জাপানি নিহত হওয়ার ঘটনা মনে রাখলেও বাংলাদেশ ভ্রমণে নিরাপত্তার অভাব বোধ না করার কথাই জানিয়েছেন এই পর্যটকরা।

এদের একজন নাইকো ইশিওয়াকু বলেন, “বাংলাদেশে আসার আগে অনেকবার ভাবতে হয়েছে এখানে আসলে কোনো সমস্যা হবে কিনা। বন্ধুরাও বারবার জানতে চেয়েছিল, কেন বাংলাদেশে বেড়াতে যাচ্ছি।

“কিন্তু এদেশে এসে বাংলাদেশ সম্পর্কে ধারণাটা পাল্টে গেছে। দেশে ফিরে সবাইকে বলব, পৃথিবীর অনেক দেশ ঘোরার পরও বাংলাদেশে না আসলে অনেক কিছু না দেখা থেকে যেত।”

‘বেঙ্গল ট্যুরস লিমিটেড’র ব্যবস্থাপনায় সাত দিন বাংলাদেশে ঘোরার পর অভিজ্ঞতা বিনিময়ে আসেন ১৮ জনের এই পর্যটক দল।

বেঙ্গল ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা মুন্সীগঞ্জে কৃষক পরিবারের সঙ্গে বসবাস করেছেন, খুলনার সুন্দরবন দেখেছেন এবং মানিকগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন।”

১৮ সদস্যর এই দলের নেতা ইয়াতসুসি আইওয়াসিতার টুপি মাথায় ফতুয়া গায়ে আসেন অনুষ্ঠানে।

বাংলাদেশের সম্ভাবনা দেখলেও রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনা ও পানি নিষ্কাষণ ব্যবস্থা নিয়ে হতাশার কথা জানালেন তারা।

ইয়াসুকু কিতাতাওয়া বলেন, “এদেশে রাস্তায় আবর্জনা পড়ে থাকে। কিন্তু এটা তো হবার কথা নয়। দেশকে বিশ্বের কাছে সুন্দরভাবে তুলে ধরলে হলে উদ্যমী তরুণদেরকেই এজন্য এগিয়ে আসতে হবে।”

মারিয়া তেরেসা উসুই বলেন, এই দেশে বড় সমস্যা হলো অপরিকল্পিত উন্নয়ন, পানির অব্যবস্থাপনা ও রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনা।

“তারপরও এদেশের মানুষের উজ্বল কৌতূহলী চোখ খুব ভাল লেগেছে।”

আসামি তুজি নামের আরেক নারী পর্যটক বলেন, “বাংলাদেশে বৃদ্ধদের মধ্যে কিছু একটা না পাওয়ার জন্য হাহাকার রয়েছে। তারপরও তারা দিনশেষে পরিবারের সবাইকে নিয়েই খুশি থাকার চেষ্টা করে।”