মিয়ানমারকে চাপে রাখতে সুইস সহায়তা চাইলেন রাষ্ট্রপতি
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যবাসনে মিয়ানমারে ওপর অব্যাহত চাপ দিতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার সন্ধ্যায় সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসলে আবদুল হামিদ এ আহ্বান জানান।
জবাবে সুইস প্রেসিডন্ট বেরসে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন এবং তাদের প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব কথা বলেন।
সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছালে আবদুল হামিদ সুইস প্রেসিডেন্টকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৈঠকে বসেন দুই রাষ্ট্রপ্রধান।
প্রেস সচিব বলেন, “বৈঠকে রাষ্ট্রপতি বলেন, সুইজারল্যান্ড বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। সুইস প্রেসিডেন্টের বাংলাদেশে এই সফর দুই দেশের ৪৫ বছরের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ মানবিক কারণে ১০ লাখের বেশি বাস্তুচ্যূত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এটা বাংলাদেশের জন্য বড় সমস্যা। তিনি এ বিষয়ে সুইস ভূমিকার প্রশংসা করেন এবং আশা করেন রোহিঙ্গাদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনে দেশটির অব্যাহত সমর্থন থাকবে।
আবদুল হামিদ মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সুইজারল্যান্ডের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
এছাড়া রাষ্ট্রপতি বাংলাদেশে সুইস বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বেরসের বৈঠকের কথা উল্লেখ করে আশা করেন এর ফলে বাংলাদেশে সুইস বিনিয়োগ বৃদ্ধি পাবে।
প্রেস সচিব বলেন, “সুইস প্রেসিডেন্ট বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামিজক উন্নয়নের প্রশংসা করেন এবং ভবিষ্যতে অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।”
দুই রাষ্ট্রপ্রধানের এই সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে দরবার হলে আবদুল হামিদের দেওয়া নৈশভোজে অংশ নেন সুইস রাষ্ট্রপ্রধান। নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ অংশ নেন।
এছাড়া মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, তিনবাহিনীর প্রধানসহ সরকারের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।
