২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের আগ্রহে ফিকশন

নতুন-পুরনো হাজারো বইয়ের মধ্যে পছন্দের বই খুঁজতে মেলার স্টলগুলোতে ঢু মারছেন পাঠকরা, এরমধ্যে সায়েন্স ফিকশনের প্রতিই তরুণদের বেশি আগ্রহের কথা জানালেন বিক্রেতারা।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2018, 09:37 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

­­­তাদের পছন্দের লেখকদের শীর্ষে মুহম্মদ জাফর ইকবাল। এবার মেলায় তার কিশোর উপন্যাস ‘সাইক্লোন’ এনেছে তাম্রলিপি প্রকাশন। তাদের স্টলকর্মীরা জানান, আয়মান সাদিকের অনুপ্রেরণামূলক গ্রন্থ ‘নেভার স্টপ লার্নিং’র প্রতিও তরুণ পাঠকের বেশ ঝোঁক দেখা যাচ্ছে।

মেলায় জাফর ইকবালের পর তরুণ পাঠকরা কল্পকাহিনি লেখক মোশতাক আহমেদের বইও খুঁজছেন বলে অনিন্দ্য প্রকাশের কর্ণধার আফজাল হোসেন জানিয়েছেন।

এক তরুণীর সায়েন্স ফিকশনের প্রতি আগ্রহ নিয়ে টিপ্পনী কাটতে দেখা যায় তার বন্ধুকে।

শনিবার বিকালে মেলা ঘুরে ঘুরে পছন্দের বই কিনছিলেন সোহেল ও রিনি। সোহেল যখন প্রবন্ধ, সমকালীন বিশ্ব রাজনীতির বই ব্যাগে পুরছিলেন, তখন পাশ থেকে রসিকতা করে রিনি বলেন, ‘বিদগ্ধ পাঠক তিনি!” জবাবে সোহেল বলেন, “পড়িস তো কিসব ফিকশন! কী যে শিখিস!”

মেলায় এখনও পাঠক চাহিদায় প্রথম দিকেই হুমায়ূন আহমেদের বই।এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বইও বেশ বিক্রি হচ্ছে বলে বিভিন্ন স্টলের কর্মীরা জানিয়েছেন।

মেলার এই তিন দিনে থ্রিলারধর্মী গল্প ও ক্ল্যাসিক সিরিজের অনুবাদ বেশি বিক্রি হয়েছে বলে বাতিঘর ও পাঞ্জেরী পাবলিকেশন্সেরও বিক্রয় প্রতিনিধিরা জানান।

সাহিত্যবিলাসের কর্মীরা বললেন, তাদের বিজ্ঞান-দর্শন ও চিন্তামূলক বই চলছে ভালো।

ভাষাপ্রকাশ এবার বইমেলায় এনেছে জীবনী-সিরিজ; বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে সাজানো এই সিরিজের প্রতিও পাঠকের আগ্রহ রয়েছে বলে জানান স্টলের বিক্রেতারা।

সময় প্রকাশনী ও মাওলা ব্রাদার্সের বিক্রয় কর্মীরা জানান, হাসান আজিজুল হক, শওকত ওসমান, শওকত আলীর কথাসাহিত্যের প্রতি মধ্যবয়সী পাঠকদের আগ্রহ রয়েছে।

অ্যাডর্ন পাবলিকেশন্স থেকে বাংলার সভ্যতা ও সংস্কৃতির ইতিহাসের পাশাপাশি পাঠকরা কিনে নিয়েছেন সাহিত্যকীর্তি গ্রন্থমালা সিরিজ।অবসরের কর্মীরা জানান, তাদের স্টল থেকে কবিতার বইয়ের পাশাপাশি বিষ্ণু দে, বুদ্ধদেব বসু ও বঙ্কিমচন্দ্রের সাহিত্য ভালো বিক্রি হয়েছে।

উত্তরা থেকে মেলায় আসা অনন্যা সাহা বলেন, “বছরজুড়েই বই কিনি আমি, মেলায় এসেছি নতুন বই কী এল তা দেখতে। গল্প, উপন্যাসই বেশি পড়ি, নিজের জন্য সেগুলো কিনেছি। বাড়ির ছোটদের জন্য বিজ্ঞান ও গণিতের বই কিনছি।”

গোড়ান থেকে বাবা রফিকুল ইসলামের সঙ্গে বইমেলায় এসেছিলেন নিতু। নিজের জন্য রহস্য-রোমাঞ্চ উপন্যাস ও গল্পগ্রন্থ কেনার পাশাপাশি বাবাকে সাহিত্যসমগ্র কিনে দেওয়ার কথা জানায় এই স্কুলছাত্রী ।

পুরনো গল্প নতুন মোড়কে ছাপানোর অভিযোগ করলেন একজন তরুণ।

জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈচিত্র্যমূলক বইয়ের অভাব নেই, কিন্তু পুরনো গল্পগুলো যে নতুন মলাটে সাজিয়ে বসেছে অনেক প্রকাশক। সেলিনা হোসেনের গল্প এর আগে যেসব বইয়ে পড়েছি, সেগুলো দেখছি আবার একটি নতুন বইয়ে।

Image
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে শুক্রবারের চিত্র। ছবি: আসিফ মাহমুদ অভি

বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে শুক্রবারের চিত্র। ছবি: আসিফ মাহমুদ অভি

“বুঝতে পারছি না এটা কার দায়, লেখক না প্রকাশকের? পাঠক কিন্তু অতটা বোকা নয়!”

নতুন বই

তৃতীয় দিনে মেলায় নতুন বই এসেছে ১২০টি। এগুলোর মধ্যে গল্পগ্রন্থ-১১টি, উপন্যাস-১৯টি, প্রবন্ধ-১৩টি, কবিতা-২৬টি, গবেষণা-৩টি, ছড়া ৪টি, শিশুসাহিত্য-৬টি, জীবনীগ্রন্থ-৫টি, মুক্তিযুদ্ধবিষয়ক বই‌৪টি, নাটক-১টি, বিজ্ঞান-৭টি, ভ্রমণ-৪টি, চিকিৎসা-স্বাস্থ্যবিষয়ক বই-১টি, সায়েন্স ফিকশন-১টি ও অন্যান্য বিষয়ে ১৫টি বই রয়েছে।

তৃতীয় দিনেও অব্যবস্থাপনা  

অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিনেও অব্যবস্থাপনা থাকায় ক্ষোভ-বিরক্তি প্রকাশ করেছেন প্রকাশক-পাঠকরা।

মেলার নান্দনিক আয়োজনের দায়িত্ব পাওয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ‘নিরাপদ’কে মেলা আয়োজনে অযোগ্য আখ্যায়িত করেছেন প্রকাশকদের অনেকে।

Image
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে শুক্রবারের চিত্র। ছবি: আসিফ মাহমুদ অভি

বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে শুক্রবারের চিত্র। ছবি: আসিফ মাহমুদ অভি

মেলার নান্দনিকতা বাড়াতে ফোয়ারা চালু ও ফুলের বাগান করার কথা থাকলেও তা করেনি নিরাপদ, নেই পর্যাপ্ত আলোকসজ্জাও। ইট বিছিয়ে পথ তৈরি করা হলেও কোথাও সেই ইট সরে গেছে, কোথাও আবার বিছানো হয়নি ইট।

স্টলের সামনে কার্পেট থাকার কথা থাকলেও অনেক স্টলের সামনেই তা ছিল না। বয়োবৃদ্ধদের জন্য হুইল চেয়ারের বন্দোবস্ত থাকলেও তা পর্যাপ্ত ছিল না বলে অভিযোগ করেছেন একাধিক পাঠক-দর্শনার্থী।

মেলার অব্যবস্থাপনা নিয়ে বক্তব্য জানতে চাইলে নিরাপদ ইভেন্টসের কর্ণধার ইলিয়াস কাঞ্চন কোনো মন্তব্য করতে রাজি হননি।

শিশুপ্রহর ও মূলমঞ্চের আয়োজন

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল শিশু প্রহর। কার্টুন সিরিজ সিসিমপুরের ইকরি, মিকরি, হালুম ও টুকটুকিদের সঙ্গে গানের তালে-ছন্দে নেচে গেয়ে সময় কাটায় শিশুরা। বাড়ি ফেরার পথে ফুল, ফল আঁকা বই যেমন কিনেছে তারা, তেমনি বিজ্ঞানের বইও অনেকের হাতে দেখা গেছে।

বিকালে মেলার মূলমঞ্চে ছিল ‘খান বাহাদুর আহ্ছানউল্লা’ শীর্ষক আলোচনা সভা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শফিউল আলম, আলোচনায় অংশ নেন মনিরুল ইসলাম, সরকার আবদুল মান্নান। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

চতুর্থ দিনের আয়োজন  

রোববার চতুর্থ দিনের আয়োজনে মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘শহিদ রণদাপ্রসাদ সাহা’ শীর্ষক আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন প্রতিভা মুৎসুদ্দী। আলোচনায় অংশগ্রহণ করবেন রমণী মোহন দেবনাথ, হেনা সুলতানা, আজিজুর রহমান আজিজ। সভাপতিত্ব করবেন রফিকুল ইসলাম।