‘পহেলা বৈশাখের আগেই জেলা রেজিস্ট্রারদের জন্য গাড়ি সুবিধা’
পহেলা বৈশাখের আগেই জেলা রেজিস্ট্রারদের গাড়ি সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবি প্রেক্ষিতে মন্ত্রী বলেন, “আপনাদের দাবি পূরণে সরকার আন্তরিক। ডিজিটাল রেজিস্ট্রেশন বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন। এটা কেউ বেঁধে রাখতে পারবে না, খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে। আগামী পহেলা বৈশাখের আগেই জেলা রেজিস্ট্রারদের গাড়ির ব্যবস্থা হয়ে যায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তবে সাব রেজিস্ট্রারদের দাবি অনুযায়ী জ্যেষ্ঠ সাব রেজিস্ট্রারও মহানগর সাব রেজিস্ট্রার পদ সৃষ্টি করতে ছয় মাসের মত সময় লাগবে বলে জানান মন্ত্রী আসিনুল হক।
অন্যদিকে ৪৯৬টি সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারের নিজস্ব অফিস করার বিষয়ে সরকারের পরিকল্পনা বাস্তবায়নাধীন আছে বলেও জানান তিনি।
তবে বিসিএসে রেজিস্ট্রার ক্যাডার সৃষ্টির দাবি যৌক্তিক হলেও তা সময় সাপেক্ষ বলে জানান তিনি।
রেজিস্ট্রার অধিদপ্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য আলাদা একাডেমির প্রয়োজন নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, “কথায় কথায় একাডেমি হলে হবে না, এর গ্রহণযোগ্যতা কতটুকু দেখতে হবে। ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করার বিষয়টি প্রক্রিয়াধীন, এই একাডেমিতে সাব রেজিস্ট্রারদের প্রশিক্ষণের জন্য আলাদা একটি ইউনিট রাখার পরিকল্পনা রয়েছে।”
অ্যাসোসিয়েশনের সভাপতি দ্বীপক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, নিবন্ধন মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নান, সংগঠনের মহাসচিব কাওসার আহমেদ বক্তব্য দেন।
