জালিয়াতি করে জামিনে মুক্তি তদন্তে সিআইডিকে নির্দেশ
জালিয়াতি করে তৈরি করা ভুয়া জামিন আদেশ দেখিয়ে ইয়াবা উদ্ধারের মামলার আসামি মো. সেলিমের কারামুক্তির ঘটনা তদন্ত করতে পুলিশের সিআইডিকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সে তদন্ত অনুযায়ী জামিন জালিয়াতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে।
বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
এ মামলার অন্য আসামি মো. রফিকের জামিন আবেদনের শুনানির সময় সেলিমের জামিন জালিয়াতির বিষয়টি আদালতের নজরে আসলে আদালত রফিকের জামিন আবেদনটি খারিজ করে দিয়ে এ আদেশ দেয়।
আদালতে রফিকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. রেজাউল করিম ও মোহাম্মদ আজিজুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামে ২২ হাজারটি ইয়াবা উদ্ধারের মামলায় অন্যতম আসামি সেলিম এই আদালতের নামে জালিয়াতির মাধ্যমে ভূয়া জামিন আদেশ তৈরি করে। পরে এই জামিন আদেশ দেখিয়ে কারাগার থেকে ছাড়া পান।
“কিন্তু এ মামলারই অন্য আসামি মো. রফিক জামিন নিতে আসলে জালিয়াতি করে সেলিমের জামিন আদেশের বিষয়টি ধরা পরে। তখন আদালত পুরো ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে সিআইডিকে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে।’
গত বছরের ৭ জানুয়ারি সেলিম উদ্দিন, রফিক ও আখিসহ পাঁচজনকে ইয়াবাসহ আটক করে চট্টগ্রাম পুলিশ।
পরদিন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা হয়। চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটি বিচারাধীন।
এই মামলায় হাই কোর্টে জামিন আবেদন করেন রফিক। গত ২৫ জানুয়ারি রফিকের আইনজীবী আদালতকে বলেছিলেন, অন্য আসামি সেলিম ও আঁখি জামিনে আছেন।
““তখন আদালত সেলিমের জামিন বিষয়ে সন্দেহ প্রকাশ করে সেলিম ও আঁখির জামিন আদেশ ও নথি ৩১ জানুয়ারি দাখিল করতে নির্দেশ দেয়। সে অনুযায়ী আজ (বুধবার) তিনটি বিষয় তালিকায় আসে। এতে দেখা যায়, এই আদালত গত বছরের ১৩ ডিসেম্বর সেলিমকে ছয় মাসের জামিন দিয়েছে।”
জামিনের আদেশ ও নথিপত্র পর্যালোচনা করে ওই আদেশ জালিয়াতিপূর্ণ মনে হওয়ায় আদালত তখন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট চার কর্মকর্তাকে তলব করে। জামিন আদেশের ওই অনুলিপিতে এই চারজনের স্বাক্ষর ছিল।
“আদালতে হাজির হয়ে এ চার কর্মকর্তা জানান, জামিন আদেশের অনুলিপিতে স্বাক্ষর তাদের না। পরে আদালত এ আদেশ দেয়,” বলেন আইনজীবী ফজলুর।
