আমলানির্ভর নীতিমালা চান না মোস্তাফা জব্বার
টেলিযোগাযোগ নীতিমালা যাতে আমলানির্ভর না হয় সেজন্য ইন্টারনেট সেবাদাতাদেরই তা প্রণয়নের দায়িত্ব দিতে চান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
বৃহস্পতিবার গুলশান ক্লাবে ইন্টানেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “শিল্পখাতকে সংশ্লিষ্ট করে নীতমালা করা হবে, আমলানির্ভর নীতিমালা নয়।
“নীতিমালা আপনারা করে দেবেন, অনুমোদন করে দেওয়ার কাজ আমার।”
আইএসপিএবি সভাপতি এম এ হাকিম অনুষ্ঠানে ছয়টি দাবি তুলে ধরে বলেন, “এগুলো পূরণ করলে ইন্টারনেট সেবার মূল্য হ্রাস, সম্প্রসারণ ও মান বৃদ্ধি পেয়ে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন সফল হবে।”
ওই প্রস্তাবগুলো হলো- ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) চার্জের উচ্চ ও নিম্নসীমা নির্ধারণ, ট্রিপল-পে-ব্রডব্যান্ড সেবার অনুমতি, আইপি-টেলিফোন ও মোবাইল অপারেটরদের সমন্বয়, পারস্পরিক অ্যাকটিভ শেয়ারিংয়ের অনুমতি, ইন্টারনেট সেবার অতিরিক্ত ধাপের বিলুপ্তি এবং লাইসেন্সবিহীন আইএসপি নির্মূল করা।
তাদের এসব দাবির বিষয়ে মন্ত্রী বলেন, “ছয়টি দাবি নিয়ে কম কথা বলছি, কারণ এ দাবিগুলো নিয়ে লাইন বাই লাইন কার্যকর করার উদ্যেগ নেওয়া হবে।
“ছয় দফা আমার চোখ খুলে দিয়েছে। আমি বুঝতে পারছি, কার স্বার্থে কোথায় এসব আটকে রাখা হয়েছে।”
ইন্টারনেট থেকে ভ্যাট প্রত্যাহারের দাবির বিষয়ে মোস্তাফা জব্বার বলেন, “আমিও এ দাবি করে আসছি, ইন্টারনেট থেকে ভ্যাট প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবেন বলে অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন।”
ব্যক্তিগতভাবে ইন্টারনেটকে নাগরিকদের মৌলিক অধিকার মনে করেন জানিয়ে তিনি বলেন, “বিপুল সংখ্যক মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, তার ছাড়া উচ্চ গতির ইন্টারনেট পৌঁছানো সম্ভব নয়। ইন্টারনেট মানে ব্রডব্যান্ড ইন্টারনেট এবং এখানে গুরুত্ব দেওয়া হবে।”
ব্রডব্যান্ড ইন্টারনেট মূল্যে বৈষম্য আছে জানিয়ে মন্ত্রী বলেন, “রাষ্ট্রের সবাইকে একই মূল্যে ইন্টারনেট দেওয়া হবে, বৈষম্য আছে। এ লড়াইটা আমি করব।”
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ফ্রি ওয়াইফাই করার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের এখন যে নতুন প্রজন্ম তাদের কাছে নির্বাচন সামনে রেখে ইন্টারনেটের চেয়ে ভালো উপহার হতে পারে না। ফ্রি ওয়াই-ফাই করেও ব্যবসা করা সম্ভব, সে যদি ডিভাইস ব্যবহার করে তাহলে ডিভাইস ব্যবহার বাড়বে।
“বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ফ্রি ওয়াইফাই হটস্পট করতে চাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে সেগুলো ব্যবহার করতে পারে।”
ইন্টারনেট প্রসারের সাথে সাথে নিরাপদ ইন্টারনেট তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে আইএসপিএবির সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহ-সভাপতি এফ এম রাশেদসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
