সরকারি তিন দপ্তরে নতুন মহাপরিচালক
জনপ্রশাসনে রদবদলে সরকারি তিন দপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
এছাড়া আরও ১০ জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে বৃহস্পতিবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক মো. মোস্তাক হাসানকে রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং ওএসডি অতিরিক্ত সচিব মো. জাকির হোসেনকে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
বাংলাদেশ কারিগরি শিল্প সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক নিয়োগ পেয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ারুল হক।
আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মোহাম্মদ জয়নুল বারীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব রোখসানা কাদেরকে স্থানীয় সরকার বিভাগ এবং ওএসডি অতিরিক্ত সচিব মো. বিল্লাল হোসেনকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব সুলতান মাহমুদকে তথ্য মন্ত্রণালয় এবং বিএডিএস’র সদস্য পরিচালক ওমর ফারুককে খাদ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ওএসডি অতিরিক্ত সচিব স্বপন চন্দ্র পালকে পরিকল্পনা বিভাগে এবং ওএসডি অতিরিক্ত সচিব এ বি এম রুহুল আজাদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার।
এছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ জিয়াউর রহমানকে পরবর্তী পদায়নের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
