২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪২ বছর পর ‘প্রতিবাদী’ মুক্তিযোদ্ধার দেশে ফেরা

মাকে ফাঁকি দিয়ে মাত্র ১৩ বছর বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন; বিজয়ের দ্বারপ্রান্তে এসে আহত হয়ে চিকিৎসার পর অনেকটা অকেজো ডান হাত নিয়ে চলছিল ‍হাবিবুর রহমানের জীবন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার চার বছরের মাথায় জাতির জনক শেখ মুজিবুর রহমান খুন হলে ভাঙা মন নিয়ে দেশ ছাড়েন তিনি।

মাসুম বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2018, 09:57 PM

Updated : 11 Oct 2022, 12:01 PM

খুনিদের বিচার না হওয়া পর্যন্ত দেশে ফিরবেন না- এমন প্রতিজ্ঞা নিয়ে পঁচাত্তরের সেপ্টেম্বরে ফ্রান্সে পাড়ি জমান গাজীপুরের মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। বঙ্গবন্ধুর কয়েকজন খুনির ফাঁসি কার্যকর হওয়ায় সংকল্প আংশিক পূরণের স্বস্তি নিয়ে ৪২ বছর পর গত ৮ জানুয়ারি তিনি দেশে ফিরেছেন।

ঢাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে হাবিবুর রহমান বলেন, “১৫ অগাস্ট যখন তাকে (বঙ্গবন্ধুকে) হত্যা করা হয়, তখন ভাবলাম- যার হুকুমে আমি যুদ্ধ করেছি, ১৩ বছর বয়সে ভারতে গিয়েছি যুদ্ধ করতে, তাকেই যখন হত্যা করা হল, এখানে থেকেই বা কী হবে? ওই কুকুরদের যদি সঠিক বিচার হয় বাংলার মাটিতে, যেদিন বিচার হবে সেদিন ফিরব।”

বাংলাদেশের স্বাধীনতার চার বছরের মধ‌্যে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত‌্যা করে একদল সেনা সদস‌্য। তারপর বিচারের পথও রুদ্ধ করে দেয় সামরিক সরকার।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর বিচারের পথ খোলে; সে সময় বিচার শুরু হলেও বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যাওয়ার পর ফের শ্লথ হয়ে যায় মামলার গতি।

Image
১৩ বছর বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন হাবিবুর রহমান

১৩ বছর বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন হাবিবুর রহমান

আওয়ামী লীগ ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় আসার পর আপিল বিভাগে এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ, বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, একেএম মহিউদ্দিনের ফাঁসি কার্যকর করা হয় ২০১০ সালের ২৭ জানুয়ারি।

বাকিদের মধ‌্যে পলাতক আজিজ পাশা ২০০১ সালে জিম্বাবুয়েতে মারা যান। আর নূর চৌধুরী, আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিন এখনও পলাতক।

ফাঁসির ওই খবর টেলিভিশনে দেখে দেশে ফেরার কথা প্রথম মনে এসেছিল বলে জানান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। বলেন, “ভেবেছি এবার আমার দেশে যাওয়া হবে। কিন্তু খুনিরাতো এখনও বেঁচে আছে। এভাবে চলে গেল আমার দিনগুলো। বিচারতো শেষ হয়নি। আমার প্রতিজ্ঞা আমি পুরোপুরি রাখতে পারলাম না আর কি।”

মুক্তিযুদ্ধের শুরুতে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদের একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়তেন হাবিব। মায়ের দেওয়া বাজারের টাকা খরচ করে ৭ মার্চের ভাষণ শুনতে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয় ওই কিশোর।

“বঙ্গবন্ধুর ভাষণের মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। আমার মা আমাকে মাছ কিনতে পয়সা দিয়েছিলেন। ওই টাকা দিয়ে আমি ওই মিটিংয়ে আসি।”

২৬ মার্চ শুরু হল যুদ্ধ, সারা বাংলায় ছড়িয়ে পড়া স্বাধীনতার সংকল্প ছুঁয়ে যায় ১৩ বছরের দুরন্ত কিশোর হাবিবকেও। যুদ্ধে অংশগ্রহণের পরিকল্পনায় মামা আলাউদ্দিনসহ আরও কয়েকজনের সঙ্গে হাবিবও ভারতে পাড়ি জমায় সংশস্ত্র সংগ্রামের প্রশিক্ষণ নিতে।

সামনের এপ্রিলে ৬০ বছর পূর্ণ করতে যাওয়া হাবিব বলেন, “যখন আমি ভারতে রওনা হলাম, মাও জানতেন না যে আমি চলে যাচ্ছি। আমার খুব কান্না পাচ্ছিল। কিন্তু মাকে আমি বলতে পারিনি যে, মা আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। কবে ফিরে আসব, না আসব জানি না। মা-তো আমার দিকে তাকিয়ে ছিলেন। আমি পেছনে তাকাতে পারিনি। মাকে পেছনে ফেলে সব বেদনা নিয়ে চলে গিয়েছিলাম ভারতের পথে।”

তাদের দলটি শ্রীপুর থেকে কাপাসিয়া, ভৈরব হয়ে কুমিল্লা ব্রিজের নিচ দিয়ে মাধবপুর হয়ে আগরতলার হাপানিয়া ক্যাম্পে যায়।

প্রশিক্ষণ শেষে নিজের এলাকা গাজীপুরেই যুদ্ধের জন্য পাঠানো হয় হাবিবকে; তিন নম্বর সেক্টরের অধীনে গোলাঘাট, কাওরাইদ ব্রিজ, কাপাসিয়া প্রভৃতি এলাকার বিভিন্ন অপারেশনে ছিলেন তিনি।

ডিসেম্বরের শুরুতে তাদের দল পরিকল্পনা করে ঢাকা থেকে পাকিস্তানিদের ময়মনসিংহ যাওয়ার পথ বন্ধ করতে গোলাঘাট ব্রিজ উড়ানোর। কিন্তু পাকিস্তানিরা আগে জেনে যাওয়ায় সেখানে অবস্থান নিয়ে নিয়েছিল।

৫ ডিসেম্বর সম্মুখ সমরের বর্ণনা দিয়ে হাবিব বলেন, পাকিস্তানিরা জেনে যাওয়ায় গোলাগুলি শুরু হয়ে যায়। এক গুলি তার কাঁধের নিচের অংশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে যায়। আর এক গুলি লেগেছিল হাতের কব্জিতে।

যুদ্ধক্ষেত্রের হাসপাতালে চিকিৎসার পর হাবিবের জায়গা হয় মুক্তিবাহিনী হাসপাতালে। তবে সেখানে অনিয়মের প্রতিবাদ করার সুবাদে বঙ্গবন্ধুর সঙ্গে প্রথম সরাসরি দেখা হয় এই যুদ্ধাহত মুক্তিযোদ্ধার।

“আমাদের খানাদানায় সমস্যা হচ্ছিল। কয়েকজন পঙ্গু মুক্তিযোদ্ধাকে নিয়ে যাই। আমি বঙ্গবন্ধুকে বললাম যে, হাসপাতালে সমস্যা হচ্ছে। যারা দেশের জন্য রক্ত দিয়েছে তাদের জন্য কিছু একটা করুন। তখন বঙ্গবন্ধু আমাকে বলেছিল, তোর বাবার নাম কী? আমি বলেছিলাম, আমার বাবাতো যুদ্ধ করেনি, যুদ্ধ আমি করেছি। বঙ্গবন্ধু বললেন, চলে যা। তখন আমি হাসপাতালে চলে যাই। সেদিনই তিনি হাসপাতালে এসেছিলেন, এসে ‘পাগলটা কই’ বলে আমাকে খুঁজেছিলেন।”

উন্নত চিকিৎসার জন্য ১৯৭৩ সালে হাবিবুর রহমানসহ ১০ জন মুক্তিযোদ্ধাকে প্যারিসে পাঠানো হয়। বিভিন্ন সময়ে মোট পাঁচটি অস্ত্রোপচারের মাধ্যমে ১৯৭৪ সালে তার চিকিৎসা শেষ হয়।

চিকিৎসা চলা অবস্থায় ’৭৩ সালে মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন হাবিবুর রহমান। চার বিষয়ে লেটার মার্ক পাওয়ায় তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী এক চিঠিতে শুভেচ্ছা জানিয়েছিলেন এই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে।

১৯৭৪ সালে ফ্রান্স সরকারের বৃত্তি নিয়ে ট্যুরিজম বিষয়ে একটি কোর্স সম্পন্ন করে পরের বছর জানুয়ারিতে দেশে ফেরেন হাবিব। অগাস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ২ সেপ্টেম্বর আবার ফ্রান্সে চলে যান তিনি।

চিকিৎসক চাচার সহায়তায় বঙ্গবন্ধুর মরদেহ দেখার সুযোগ হয়েছিল জানিয়ে হাবিব বলেন, “আমার চাচা ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার। বঙ্গবন্ধুর মুখের উপর থেকে যখন কাপড় সরানো হয়, তখন মনে হল, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি বুঝতেই পারিনি, এটা সত্য না কি মিথ্যা?”

এরপর দেশ ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “তখনই আমার মনে হল, এই মুহূর্তে আর দেশে থাকা উচিত নয়। হ্যাঁ, আপনারা বলতে পারেন, সেই মুহূর্তে দেশে থাকা উচিত ছিল, সংগ্রাম করা উচিত ছিল। কিন্তু আমি জানতাম, আমরা একা হয়ে পড়েছি। বঙ্গবন্ধু ছিলেন আমাদের শক্তি। ওনাকে যখন হত্যা করা হয়, তখন আর কিছু থাকে না।”

বিদেশে বঙ্গবন্ধুর খুনিদের বিচার দাবিতে কী করেছেন- জানতে চাইলে তিনি বলেন, “২০০৪ সালে প্রধানমন্ত্রী যখন গিয়েছিলেন তখন আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু আমি হয়ে পড়েছিলাম একা।”

এবার দেশে আসার প্রেক্ষাপট ব্যাখ্যা করে হাবিব বলেন, “আমার বাবাকে হারিয়েছি, মা মারা গেল। আমার ছোট্ট ভাইটি কিছু দিন আগে মারা গেল। তারপর ভেবেছি, দেশে যাব কি যাব না। আর আমার সঙ্গে দেখা হয়েছিল সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, গাজী গোলাম দস্তগীর, হুইপ আবদুর রহিমের সঙ্গে। উনারা বললেন, ‘আসুন বাংলাদেশে। বাংলাদেশে থেকেও প্রতিবাদ করতে পারবেন’।”

এই বাংলাদেশ তার প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে জানতে চাইলে এই মুক্তিযোদ্ধা বলেন, “আমি যে রক্ত দিয়েছি, তার জন্য প্রাউড। আর আমার যে ডান হাতটা অবশ হয়ে গিয়েছিল, তার জন্য আমার দুঃখ ছিল না। একথাই ভাবতাম- বাংলাদেশকে আমি সেভাবে দেখব, শিক্ষা-দীক্ষা, আচার-ব্যবহার, সভ্যতা-মানবতা, আইনশৃঙ্খলার মাধ্যমে গড়ে উঠবে। ৮ তারিখে যখন পা রাখলাম তখন দেখলাম- আমি যেভাবে ভেবেছিলাম, সেটা কোনো দিন হবে কি না সন্দেহ আছে।”

Image
দেশে ফিরে মুক্তি সংগ্রামে এলাকার সহযোদ্ধাদের কাছে যান হাবিবুর রহমান

দেশে ফিরে মুক্তি সংগ্রামে এলাকার সহযোদ্ধাদের কাছে যান হাবিবুর রহমান

১৪ জানুয়ারি নিজের এলাকা শ্রীপুরের কাওরাইদে একাত্তরের সহযোদ্ধা ও এলাকাবাসীর সঙ্গে মিলিত হয়েছিলেন হাবিব। জানুয়ারির শেষের দিকে আবার প্যারিসে ফিরতে চলা এ মুক্তিযোদ্ধা বলেন, “এতদিন পর এসে দেশ থেকে কিছু সুখ স্মৃতি নিয়ে গেলাম।”

ফ্রান্সে আইন বিষয়ে পড়াশোনা করে ইউনেস্কো ও ইউনিসেফসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন হাবিব। বর্তমানে মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের কর্মী তিনি, আগামী ১ এপ্রিল অবসরে যাওয়ার কথা তার।

প্রথমে ফরাসি এবং তার সঙ্গে বিচ্ছেদের পরে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে বিয়ে করেন হাবিব। তার দুই ছেলে রয়েছে।