ঢাকা আর্ট সামিট শুরু ২ ফেব্রুয়ারি
৩৫ দেশের তিন শতাধিক শিল্পীর অংশগ্রহণে ২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ঢাকা আর্ট সামিট।
শিল্প এবং স্থাপত্যকে নতুন আঙ্গিকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এ আর্ট সামিটের আয়োজন করছে সামদানি আর্ট ফাউন্ডেশন।
আর্ট সামিটের চতুর্থ আসরে বরাবরের মতো সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথোরিটি এবং জাতীয় জাদুঘর।
বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্ট সামিট নিয়ে বিস্তারিত তথ্য জানান ঢাকা আর্ট সামিটের পরিচালক নাদিয়া সামদানি।
তিনি বলেন, দক্ষিণ এশীয় শিল্পের নতুন এক দিগন্তকে উন্মোচন করতে এ আর্ট সামিটের আয়োজন করা হয়েছে। এতে ডায়ানা ক্যাম্পবেল বেটানকোর্টের উদ্যোগে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কিউরেটরা এ সামিটে অংশ নেবেন।
এবার প্রথমবারের মতো সামিটে অংশ নিচ্ছে ইরান ও তুরস্ক। সব মিলিয়ে ৩৫ দেশের তিন শতাধিক শিল্পী এ সামিটে নিজেদের কাজ নিয়ে উপস্থিত হবে। সে সঙ্গে সম্ভাবনাময় শিল্পকলার উন্নয়নকে সামনে রেখে সামিটে ১২০ জনের বেশি বক্তার অংশগ্রহণে থাকছে ১৬টি প্যানেল আলোচনা ও দুইটি সিম্পোজিয়াম।
নাদিয়া সামদানি জানান, সামদানি আর্কিটেকচার অ্যাওয়ার্ড বিজয়ী মাকসুদুল করিমের নকশায় প্রথমবারের মতো থাকছে এডুকেশন প্যাভিলিয়ন।
শিল্প ও স্থাপত্যকে নতুনভাবে দেখার নতুন দৃষ্টিভঙ্গি তৈরির জন্য থাকছে আন্তঃবিষয়ক কর্মশালা। এতে অংশ নেবে র্যাকস মিডিয়া কালেকটিভ, সুপারফ্লেক্স, দায়ানিতা সিং এবং আর্ট এডুকেশনের নেতৃস্থানীয় প্রতিষ্ঠানগুলো।
মাইক্রোসফট বাংলাদেশ সামিটের শিক্ষামূলক অনুষ্ঠানগুলো দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হবে।
এবারের সামিটে ৫৫টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সহযোগিতা করছে।
সামদানি আর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি রাজীব সামদানি জানান, এবারও প্রদান করা হবে সামদানি আর্ট অ্যাওয়ার্ড।
আয়োজকরা জানান, ইতোমধ্যেই ১১ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক বিচারকদের বিচারে তাদের মধ্য থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এর পাশপাশি বাকি ১০ জনকেও কিউরেটর দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে।
শিল্পকলা একাডেমি আয়োজিত দ্বি-বার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর প্রথম দশ আসরের কাজ ও ইতিহাস নিয়ে থাকছে বিশেষ প্রদর্শনী। আর্ট সামিটের সব আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় ২০১২ সাল থেকে সামদানি আর্ট ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয় ঢাকা আর্ট সামিটের পথচলা।
